রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ২৫
রংপুরের হাজিরহাট এলাকায় আজ মঙ্গলবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জন। বেলা ১১টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে। এর পরপরই বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার সৈয়দ আলী (৫৫)। তারাগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক আবদুর রশিদ জানান, ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী যাত্রীবাহী লিমি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের ওই দুই যাত্রী মারা যান। আহত ২৫ জনের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে এ ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা দুপুর ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয় পাশে আটকা পড়ে কয়েক শ যানবাহন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।