রংপুরে বাসচাপা পড়ে স্কুলছাত্র নিহত
রংপুর শহরের গণেশপুর এলাকায় বাসচাপা পড়ে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে একজন স্কুলছাত্র নিহত ও অপর এক ছাত্র আহত হয়েছে। দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী বিআরটিসির মালিকানাধীন ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। দুর্ঘটনার পর গণেশপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।নিহত আরিফ (১৪) শিশুনিকেতন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। সে মধ্য গণেশপুরের বাসিন্দা নূরুজ্জামানের ছেলে।আহত ছাত্র বাঁধনকে (১৪) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁধন একই স্কুলের একই শ্রেণীতে আরিফের সহপাঠী। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে দুই বন্ধু আরিফ ও বাঁধন শহরের গণেশপুর মোড়ে এসে পৌঁছালে রংপুর থেকে পঞ্চগড়গামী বিআরটিসির বাসটি তাদের চাপা দিয়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। আরিফ ঘটনাস্থলেই নিহত হয়। চায়ের দোকানে কোনো লোকজন না থাকায় সেখানে কেউ হতাহত হয়নি। তবে দোকানটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার জানান, উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।