রংপুরে বিএনপি নেতার অস্বাভাবিক মৃত্যু
রংপুর সদর উপজেলার পরশুরাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হককে আজ শুক্রবার সকালে রাস্তা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দলের নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, তাঁকে খুন করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তি সূত্র জানায়, আজ সকাল নয়টার দিকে সদর উপজেলার পরশুরাম ইউনিয়নের আমাশু গ্রামে রাস্তার পাশে একরামুল হককে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে। এরপর তাঁর লাশ কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের জন্য লাশ বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুজ্জামান অভিযোগ করেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন থাকায় তাঁকে মেরে ফেলা হয়েছে। এ জন্য তিনি সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। তবে একরামুল হকের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা জানান, এ ঘটনায় এখনো কেউ মামলা করেননি। তবে একরামুল হকের পকেট থেকে নেশাজাতীয় ট্যাবলেট পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যায়নি বলে তিনি জানান।