রংপুরে বিএনপির শান্তিপূর্ণ হরতাল
রংপুরে আজ সোমবার বিএনপির ডাকা আধাবেলার হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নাশকতা সৃষ্টির অভিযোগে যুবদলের এক নেতাকে আটক করা হয়েছে।গ্রেপ্তার হওয়া যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এই হরতাল ডেকেছে বিএনপি। নগরের গ্র্যান্ড হোটেল মোড়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনের প্রধান সড়ক সকাল সাতটা থেকে ঘিরে রেখেছে পুলিশ। এতে নেতা-কর্মীরা বিএনপির কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন। নগরের বিভিন্ন মহল্লায় হরতালের সমর্থনে মিছিল হয়েছে। এ সময় ব্যাটারিচালিত চারটি অটোরিকশা ভাঙচুর করা হয়।হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে সকাল নয়টার দিকে নগরের গ্র্যান্ড হোটেল মোড় এলাকা থেকে জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক এনায়েতকে (৩৫) আটক করেছে পুলিশ। তাঁর কাছ থেকে দুটি হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খলিফা জানিয়েছেন। হরতালে বড় বিপণিবিতানগুলো না খুললেও বিভিন্ন মোড়ের দোকানপাট খুলেছে। ছোট ছোট যানবাহন চলছে। আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচল করছে না। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।গত ১৯ মে রাতে জেলা যুবদলের সভাপতি রইস আহমেদ ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান, সাংগঠনিক সম্পাদক শামসুল হক, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহফুজ-উন-নবী ও জেলা ছাত্রদলের সভাপতি জহির আলমকে নগরের পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠ থেকে কয়েকটি হাতবোমাসহ গ্রেপ্তার করে পুলিশ। গত শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তাঁদের মুক্তির দাবিতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো হরতালের ডাক দেয়।