যুবদল ও ছাত্রদলের গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপি এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনগুলোর ডাকে গতকাল সোমবার রংপুর নগরসহ আট উপজেলায় অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। এদিকে, জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহী বিভাগের আট জেলায় আজ মঙ্গলবার আধা বেলা হরতাল ডেকেছে সংগঠনটি। এ ছাড়া এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে দক্ষিণ চট্টগ্রামের সাতটি উপজেলা এবং কক্সবাজার ও বান্দরবানে আজ আধা বেলা হরতাল ডেকেছে ছাত্রশিবির। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:রংপুর: রংপুরে হরতাল চলাকালে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে নাশকতার আশঙ্কায় সকাল নয়টার দিকে নগরের গ্র্যান্ড হোটেল মোড় এলাকা থেকে জেলা যুবদলের নেতা এনায়েতকে দুটি হাতবোমাসহ আটক করেছে পুলিশ।গত ১৯ মে রাতে গ্রেপ্তার হওয়া জেলা যুবদল ও ছাত্রদলের ছয় নেতার মুক্তির দাবিতে এই হরতাল আহ্বান করা হয়।রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ: জামায়াতের রাজশাহী জোনের সহকারী পরিচালক ও কেন্দ্রীয় শুরার সদস্য রফিকুল ইসলামকে গতকাল ভোরে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহী বিভাগের আট জেলায় আজ সকাল আধা বেলা হরতাল ডেকেছে সংগঠনটি।চট্টগ্রাম: দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি তারেক হোসাইনকে রোববার রাতে নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ছাত্রশিবির দক্ষিণ চট্টগ্রামের সাতটি উপজেলা, কক্সবাজার ও বান্দরবানে আজ আধা বেলা হরতাল ডেকেছে।