রংপুরে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে হরতাল চলাকালে বিএনপির সঙ্গে পুলিশের দুই দফা পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও পুলিশের লাঠিপেটায় পুলিশসহ ২০ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ বিএনপির পাঁচ কর্মীকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আটটি কাঁদানে শেল নিক্ষেপ করে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আনোয়ার (৩০), সিফাত (২৮), মাহমুদুজ্জামান (৩২), আক্কাস (২৯) ও চাঁদ (৩৫)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, হরতালের সময় দুপুর ১২টার দিকে শহরের গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশের অভিযোগ, এ সময় পুলিশের ওপর বিএনপির কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামসহ পুলিশের পাঁচ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে ধাওয়া করে। এ সময় আহত হন ১০ জন।এরপর বেলা দুইটার দিকে বিএনপির কর্মীরা আবারও জড়ো হলে দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়। এ সময় পাঁচজন আহত হন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা বলেন, ‘বিএনপি পুলিশের ওপর চড়াও হয়ে ইটপাটকেল ছুড়লে গণ্ডগোলের সূত্রপাত ঘটে।’