রংপুরে ব্যবসায়ীকে তিন টুকরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেলাল হোসেন (৫০) নামের এক ব্যবসায়ীকে হত্যা করে লাশ তিন টুকরো করা হয়েছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহত ব্যক্তির স্ত্রী সুফিয়া বেগমকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শহরের মাহিগঞ্জ এলাকার ধান-চাল ব্যবসায়ী বেলালকে হত্যার পর রাতেই লাশ তিন টুকরো করে বস্তায় ভরে একটি অটোরিকশায় তোলা হয়। নিয়ে যাওয়া হয় সদর উপজেলার পরশুরাম ইউনিয়নের জলছত্র গ্রামে। এই গ্রামের একটি কবরস্থানে মরদেহ ফেলে দেওয়ার সময় স্থানীয় লোকজন সুফিয়াকে আটক করে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে সুফিয়াকে গ্রেপ্তার করে। বস্তাভর্তি লাশের তিনটি টুকরো উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কোতোয়ালি থানায়।সূত্র আরও জানায়, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গতকাল মঙ্গলবার নিহত বেলালের ছেলে কারমাইকেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আসিফ ইকবাল ওরফে ইকবালকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।থানার উপপরিদর্শক (এসআই) নূরে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুফিয়া স্বীকার করেন, তাঁকে না জানিয়ে আরেকটি বিয়ে করায় তিনি বেলালকে হত্যা করেছেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার বলেন, এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের ভাই আসাদুল হক বাদী হয়ে সুফিয়ার নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে গতকাল কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন।যুবককে কুপিয়ে হত্যা: আমাদের বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় নজরুল ইসলাম ওরফে টিটো (২৮) নামের এক যুবককে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। উপজেলার কুলিয়া গ্রামের নিজ বাড়ির সামনে সোমবার রাতে নজরুলকে খুন করা হয়।এ ঘটনায় নিহত নজরুলের ছোট ভাই জিয়াউর রহমান বাদী হয়ে একই গ্রামের আসাদ মোল্লাসহ (৪৫) ১২ জনের নাম উল্লেখ করে মোল্লাহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ গতকাল দুপুরে মোল্লাহাটের জয়ডিহি এলাকা থেকে আসাদকে গ্রেপ্তার করেছে।বাগেরহাট সদর হাসপাতালের মর্গে নজরুলের লাশের ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।মোল্লাহাট থানার ওসি মো. মাসুদ আলম জানান, রাত সাড়ে আটটার দিকে উপজেলার বড়ঘাট বাজার থেকে নজরুল নিজ বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে নজরুলের ঘাড়ে কোপ দিয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। নজরুল পেশায় দর্জি ছিলেন। এ ছাড়া সেচপাম্পের মাধ্যমে তিনি গ্রামের ফসলি জমিতে ভাড়ায় পানি সরবরাহ করতেন। সেচপাম্পের ব্যবসা নিয়ে প্রতিবেশী আসাদের সঙ্গে বেশ কিছুদিন ধরে তাঁর বিরোধ চলছিল। গ্রেপ্তার হওয়া আসাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।