রংপুরে মেলায় লটারির ড্রকে কেন্দ্র করে সংঘর্ষ, ৩ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে শিল্প-বাণিজ্য মেলায় লটারির ড্রকে কেন্দ্র করে জনতা-পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অর্ধশতাধিক লোক।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলা স্কুল মাঠে আয়োজিত এই মেলার শেষ দিনে গতকাল রাত ১০টার দিকে লটারির ড্র অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ জন্য কয়েক হাজার লোক অপেক্ষা করতে থাকে। কারণ, লটারিতে নানা রকম আকর্ষণীয় পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছিল। একপর্যায়ে উপস্থিত লোকজন জানতে পারে, লটারি আয়োজনের দায়িত্বে থাকা লোকজন পালিয়ে গেছে। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রথমে মেলার নিয়ন্ত্রণ কক্ষে আগুণ ধরিয়ে দেয়। পরে এ আগুন মেলার আট থেকে ১০টি স্টলেও ছড়িয়ে পড়ে। এ সময় ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা স্টলগুলো থেকে টিন ও বাঁশ খুলে নিয়ে যায়।অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় পুলিশ রংপুর জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুল ইসলামসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে। রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার ‘প্রথম আলো’কে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর রংপুর জেলা বণিক সমিতির উদ্যোগে আয়োজিত এই শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। মেলাটি বণিক সমিতির উদ্যোগে হলেও মেলার লটারির দায়িত্ব দেওয়া হয়েছিল অন্য একটি বেসরকারি সংগঠনকে।