রংপুরে যাত্রীবাহী ২ বাস খাদে পড়ে চারজনের মৃত্যু, আহত ৬০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলার বালাবাড়ীতে আজ বুধবার সকালে দুটি যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত এবং ৬০ জন আহত হয়েছে। নিহতদের দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন জেলার বদরগঞ্জ উপজেলার লালদীঘি গ্রামের আনোয়ারুল হক (৪০) এবং রংপুরের শালবন আদর্শপাড়ার আবদুল কাদের (৩৯)। পুলিশ জানায়, আজ সকাল সাড়ে আটটার দিকে রংপুর থেকে সৈয়দপুরগামী একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকা থেকে সৈয়দপুরগামী আরেকটি বাস। এতে দুটি বাসই খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের ৪০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বালাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।