রংপুরে যুবদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে যুবদল নেতা মোশাররফ হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আজ মঙ্গলবার যুবদল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ-সমাবেশ করেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের গ্র্যান্ড হোটেল মোড়ের বিএনপি কার্যালয় থেকে জেলা যুবদল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। সেখানে তারা খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখায়।এ সময় যুবদলের পক্ষ থেকে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়। বেলা সাড়ে ১২টার পর বিক্ষোভকারীরা শহরের কাচারি বাজারে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে। তারা পুলিশ সুপারকে স্মারকলিপি দেয়। এদিকে স্মারকলিপি দেওয়ার আগে শহরের কাচারি বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে জেলা যুবদলের নেতারা বক্তব্য দেন। প্রসঙ্গত, গত শনিবার রংপুরের মুন্সিপাড়ায় জেলা যুবদল নেতা মোশাররফ হোসেন (৩২) মোটরসাইকেলে করে মুন্সিপাড়ায় তাঁর বাড়িতে ফিরছিলেন। এ সময় সন্ত্রাসীরা মোশাররফ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। একপর্যায়ে তাঁর দুই হাতের কবজি কেটে নেওয়া হয়। পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা জানান, সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।