রংপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা
রংপুরে মোশাররফ হোসেন পদ্ম (৩০) নামের যুবদলের এক কর্মীকে গতকাল শনিবার রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত সাড়ে ১১টার দিকে শহরের মুন্সিপাড়ায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাতে শহরের মুন্সিপাড়ায় রাস্তা দিয়ে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত মোশাররফের ওপর হামলা চালায়। এ সময় তারা তাঁকে রাস্তার ওপর ফেলে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। একপর্যায়ে তাঁর দুই হাতের কবজি কেটে ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা জানান, মোশাররফ হোসেন স্থানীয় ডিশ ব্যবসায়ী ছিলেন। ডিশ ব্যবসা নিয়ে বন্ধুদের সঙ্গে তাঁর বিরোধ ছিল। এরই জেরে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। রংপুর জেলা যুবদলের সভাপতি রইস আহমেদ জানান, মোশাররফ যুবদলের কর্মী ছিলেন। তবে তিনি কোনো পদে ছিলেন না। কোতোয়ালি থানার ওসি আরও জানান, মোশাররফের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আজ রোববার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।