রংপুরে যুবলীগের নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে আজ সোমবার সকালে সাজিদ পারভেজ ওরফে যাদু (২৮) নামের এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি জেলা যুবলীগের আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য।পুলিশ জানায়, সকাল আটটার দিকে ঢাকা কোচস্ট্যান্ডের পেছনে উত্তর বাবুখাঁ গ্রামের একটি ডোবা থেকে সাজিদের লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, সাজিদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। নিহতের পরিবার জানায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে সাজিদের মুঠোফোনে একটি ফোন আসে। এরপর দুই যুবক মোটরসাইকেলে করে তাঁকে শহরের স্টেশন বাবুপাড়ার বাসা থেকে নিয়ে যায়। মহানগর আওয়ামী লীগের সভাপতি শফিউর রহমান বলেন, ‘চিহ্নিত সন্ত্রাসীরা সাজিদকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। সবাই দেখেছে তাঁকে কারা নিয়ে গেছে। হত্যার বিচারের দাবিতে আমরা কর্মসূচি দেব।’