রংপুরে যুবলীগের নেতা খুন
রংপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাজিদ পারভেজ ওরফে যাদু খুন হয়েছেন। গতকাল সোমবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে।তবে এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ কিংবা নিহত সাজিদের পরিবার নিশ্চিত করে কিছুই বলতে পারেনি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশের বিবরণ অনুযায়ী, গতকাল সকাল আটটার দিকে রংপুর শহরের ঢাকা কোচ স্ট্যান্ডের পেছনে উত্তর বাবু খাঁ পাড়ার একটি ডোবা থেকে সাজিদের লাশ উদ্ধার করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। পরে শহরের খেড়বাড়ি কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে নয়টার দিকে সাজিদের মুঠোফোনে একটি কল আসে। এরপর দুই যুবক মোটরসাইকেলে করে স্টেশন বাবুপাড়ার বাসা থেকে তাঁকে ডেকে নিয়ে যায়। রাতে তিনি বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। গতকাল সকালে তাঁর লাশ পাওয়া যায়। নিহত সাজিদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল।জানতে চাইলে মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘শহরের চিহ্নিত সন্ত্রাসীরা সাজিদকে হত্যা করে থাকতে পারে। অনেকেই দেখেছে তাঁকে কারা নিয়ে গেছে।’ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, এ ব্যাপারে নিহত সাজিদের বড় ভাই সাহিদ পারভেজ বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। মামলার স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তবে তাদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।