রংপুরে লোকসংগীত উৎসব
রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শুক্রবার বিভাগীয় লোকসংগীত উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে আলোচনা ও লোকসংগীত পরিবেশিত হয়। হাজারো দর্শক-শ্রোতা প্রাণভরে মাটি ও মানুষের গান উপভোগ করেন।সকালে রংপুর প্রেসক্লাব থেকে এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের হয়। এরপর গণগ্রন্থাগার মিলনায়তনে প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন রংপুরের প্রবীণ লোকসংগীতশিল্পী ও গীতিকার মো. সিরাজ উদ্দিন। শিল্পী আব্বাসউদ্দীন আহ্মদের নামে এই উৎসব নিবেদন করা হয়।আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূপতি ভূষণ বর্মা। প্রধান অতিথি ছিলেন বেসামরিক পরিবহন ও পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক অধ্যাপক মুহম্মদ আলীম উদ্দিন। আলোচনা করেন লেখক ও গবেষক মনিরুজ্জামান, শাহ আলম, এমাদ উদ্দিন আহমেদ ও গীতিময় রায়।উৎসবে রংপুর বিভাগের আট জেলা ও ঢাকা থেকে আসা শিল্পীরা লোকসংগীত পরিবেশন করেন। বাংলাদেশ লোকসংগীত পরিষদ সাতটি বিভাগীয় শহরে এই লোকসংগীত উৎসবের আয়োজন করেছে।