রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরকে সিটি করপোরেশন ঘোষণার দাবিতে আজ রোববার সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল চলছে। জেলা জাতীয় পার্টি এ হরতাল কর্মসূচির ডাক দেয়। স্থানীয় দাবি নিয়ে এই হরতালে জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। হরতালকে সফল করে তুলতে জাতীয় পার্টির পক্ষ থেকে সকাল আটটার দিকে শহরের সেন্ট্রাল রোডের জাতীয় পার্টির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া হরতালের সমর্থনে একাধিক পেশাজীবী সংগঠন সকাল থেকে শহরে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের করে। ব্যবসায়ী সংগঠনগুলোও এই হরতালে সমর্থন দিয়েছে। এবারের এই হরতালে সব খাবারের দোকান বন্ধ রয়েছে। এমনকি পৌর বাজারের কাঁচা বাজারও বন্ধ রাখা হয়েছে। রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে। রংপুর থেকে ঢাকাসহ দূরপাল্লার যাত্রীবাহী আন্তজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। বেসরকারি ব্যাংক-বিমা প্রতিষ্ঠান বন্ধ, সরকারি অফিসগুলোতে উপস্থিতির হার কম। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ব্যাপক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। জাতীয় পার্টির সাবেক সাংসদ মশিউর রহমান বলেন, এই একটি দাবিতে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার রংপুরকে বিভাগ ঘোষণা করার পর সিটি করপোরেশন ঘোষণা করা নিয়ে কালক্ষেপণ করছেন। তাই সর্বস্তরের জনগণের সহযোগিতায় দাবি আদায়ের লক্ষ্যে এই হরতাল ডাকা হয়। জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, বিভাগ ঘোষণা করার পর দেড় বছর থেকে সিটি করপোরেশন ঘোষণা করা হচ্ছে হচ্ছে বলে শুধু প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আমরা আর প্রতিশ্রুতি চাই না। এর বাস্তবায়ন চাই বলে এই হরতাল কর্মসূচি ডাকা হয়েছে। জেলার পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, এ জন্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে একই দাবিতে আওয়ামী লীগের সাবেক সাংসদ শরফুদ্দিন আহমেদের নেতৃত্বে সিটি করপোরেশন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের ডাকে ইতিমধ্যে মানববন্ধন, ২০ মিনিটের স্তব্ধ কর্মসূচি, পৌরসভা কার্যালয় ঘেরাও, রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরাম, বিভাগ বাস্তবায়ন উন্নয়ন আন্দোলন পরিষদসহ একাধিক পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। উল্লেখ্য, গত বছর ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠের এক জনসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, রংপুরকে সিটি করপোরেশন ঘোষণা করা হবে। কিন্তু সেই প্রতিশ্রুতির প্রায় দেড় বছর হলেও এর কোনো বাস্তবায়ন না হওয়ায় রংপুরবাসী একাধিক সংগঠনের ব্যানারে আন্দোলনে নেমেছে।