রংপুরে সাংসদকে প্রধান আসামি করে মামলা
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী ও জাতীয় পার্টির সাংসদ হোসেন মকবুল শাহরিয়ারের (আসিফ শাহরিয়ার) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। সাংসদ শাহরিয়ারকে প্রধান আসামি করে গতকাল শনিবার রাতে হাসপাতালের কর্মচারী ইউনিয়ন মামলাটি করে। মামলায় বলা হয়েছে, সাংসদের নেতৃত্বে ১০টি ট্রাকে করে তাঁর কর্মী-সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে হাসপাতাল ঘেরাও করে কর্মচারীদের ওপর হামলা চালান।এ ব্যাপারে আজ রোববার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, হাসপাতালের কর্মচারী ইউনিয়নের সভাপতি আনিছুল হক ও সাধারণ সম্পাদক মশিউর রহমান যৌথভাবে বাদী হয়ে সাংসদকে অভিযুক্ত করে মামলা করেছেন।এদিকে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের জাতীয় পার্টির এই সাংসদ আহত অবস্থায় এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভিআইপি কেবিনে চিকিত্সাধীন। তাঁর চিকিত্সার জন্য হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান লুত্ফর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের চিকিত্সক দল গঠন করা হয়েছে।দলের প্রধান লুত্ফর রহমান প্রথম আলো অনলাইনকে বলেন, সাংসদের অবস্থা ভালো। মাথার সামনে ও পেছনে ফেটে গিয়ে ১২টি সেলাই পড়েছে। আশা করা যাচ্ছে, খুব শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন তিনি।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, আজ হাসপাতালের পরিবেশ পরিস্থিতি ও চিকিত্সা কার্যক্রম স্বাভাবিক ছিল। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।মামলার ব্যাপারে জানতে চাইলে সাংসদ আসিফ শাহরিয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বলেন, ‘আগে আমি সুস্থ হয়ে উঠি। এরপর কী করা যায়, তা ভেবে দেখা হবে।’ তবে তিনি এখনো কোনো মামলা করেননি।