রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩৫
রংপুরের মিঠাপুকুর উপজেলায় আজ শুক্রবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নারী নিহত ও ৩৫ জন আহত হয়েছে। নিহত নারীর পরিচয় তাত্ক্ষণিকভাবে পাওয়া যায়নি। আহতদের মধ্যে ১৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকিদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ জানান, সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের জায়গিরহাটে রাস্তা পার হওয়ার সময় রংপুর থেকে বগুড়াগামী একটি ট্রাক একজন নারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।একই উপজেলার গড়েরমাঠ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে সকাল সাতটার দিকে ইউনাইটেড পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ৩৫ জন যাত্রীর সবাই আহত হয়। রংপুর মেডিকেলে ভর্তি হওয়া ১৫ জন যাত্রীর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বাসের চালক ও তাঁর সহযোগী পলাতক রয়েছেন।