রংপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ২৩ কোটি টাকার দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস), আওয়ামী লীগের নেতা-কর্মীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর শহরের আলমনগরে পাউবোর কার্যালয় চত্বর থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। দ্রুত বিচার আইনে মামলার পর ওই ১১ জনকে গতকাল সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের এপিএস ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান ও সদস্য মোহসীন হোসেন, মহানগর আওয়ামী লীগের সদস্য মাসুদ পারভেজ, লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা আওয়ামী লীগের কর্মী কাদের ইলাহী, সাজেদুল ইসলাম, মারুফ ইসলাম, আশরাফুল তৌহিদ ও কবির হোসেন, যুবলীগের কর্মী রওশন হাবিব ও আশরাফুল আলম। রংপুর শহরে পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, লালমনিরহাটের হাতীবান্ধা ও আদিতমারী এলাকায় তিস্তা নদীর বাম তীরের বাঁধ রক্ষণাবেক্ষণের জন্য চারটি গ্রুপে ২৩ কোটি টাকার কাজের দরপত্র জমাদানের শেষ দিন ছিল গতকাল। এ জন্য ওই কার্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী আবু বক্কর সিদ্দিকীর কক্ষের সামনে দরপত্রের বাক্স রাখা ছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুপুর ১২টার দিকে সাধারণ ঠিকাদারেরা দরপত্র জমা দিতে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে তাঁরা কয়েকজন ঠিকাদারের দরপত্র ছিঁড়ে ফেলেন। এ নিয়ে নেতা-কর্মীদের সঙ্গে ঠিকাদারদের বাগিবতণ্ডা ও হট্টগোল শুরু হয়।দরপত্র জমাদানে ঠিকাদারদের বাধা দেওয়ার খবর পেয়ে পাউবোর কার্যালয়ে দ্রুত তিন প্লাটুন দাঙ্গা পুলিশ পাঠানো হয়। পুলিশ বাধাদানকারী আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধাওয়া দেয়। পরে ওই কার্যালয়ের চত্বর থেকে প্রতিমন্ত্রীর এপিএস সাজ্জাদ, আওয়ামী লীগের নেতা-কর্মীসহ ১১ জন আটক করে পুলিশ। পরে পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীরও ঘটনাস্থলে ছুটে যান। আটক নেতা-কর্মীদের নেওয়া হয় কোতোয়ালি থানায়।এদিকে একসঙ্গে ক্ষমতাসীন দলের এত নেতা-কর্মীকে আটকের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে জেলার রাজনৈতিক পরিস্থিতি। তাঁদের মুক্ত করতে পুলিশ প্রশাসনে দেনদরবার করতে ছোটাছুটি করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা।বিকেল পাঁচটার দিকে আটক ১১ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কোতোয়ালি থানায় মামলা করেন পাবনার ঠিকাদার আবদুস বাসেদ। বাসেদ সাংবাদিকদের বলেন, ‘সেই পাবনা থেকে রংপুরে এসে দরপত্র জমা দিতে চেয়েছিলাম। কিন্তু প্রতিমন্ত্রীর এপিএস সাজ্জাদ হোসেনসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাধা দেওয়ায় আমরা দরপত্র জমা দিতে পারিনি।’ পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর প্রথম আলোকে বলেন, ‘এত বড় একটি দরপত্র জমা করা হবে, এ ব্যাপারে পাউবোর পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি। গন্ডগোলের খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দরপত্র জমা দেওয়ায় বাধাদানকারীদের ধাওয়া দিয়ে গ্রেপ্তার করে।’পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের গতকাল সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। দরপত্র জমাদানে বাধা দেওয়ার ব্যাপারে পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী আবু বক্কর সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘আমি আমার কক্ষে ছিলাম। কার্যালয়ের মধ্যে এসব ঘটেনি; তবে শুনেছি।’দরপত্রের কয়টি শিডিউল বিক্রি হয়েছিল এবং কতটি দরপত্র জমা পড়েছে, এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি আবু বক্কর সিদ্দিকী।নেতা-কর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ‘আমি কিছু বলতে চাই না। দলের পক্ষ থেকে চাপ রয়েছে। কী বলব, কী করব, বুঝে উঠতে পারছি না।’ গ্রেপ্তার হওয়া নেতাদের বক্তব্য: যুবলীগের নেতা সাজ্জাদ হোসেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএসের দায়িত্ব পালন করার কথা স্বীকার করেছেন। কোতোয়ালি থানায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি দরপত্র জমা দিতে যাইনি। তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে একটি কাজে সেখানে গিয়েছিলাম।’ অপর গ্রেপ্তার হওয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান বলেন, ‘ঠিকাদারি কাজে সেখানে গিয়েছিলাম। কিন্তু দরপত্র জমা দেওয়া নিয়ে কারও সঙ্গে কোনো হট্টগোল করিনি এবং বাধা দিইনি।’