রংপুরের আট জেলায় পরিবহন ধর্মঘট চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর বিভাগের আট জেলায় ১৪ দফা দাবিতে আজ বুধবার সকাল ছয়টা থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় শাখা এ ধর্মঘটের ডাক দিয়েছে।এসব দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ, শ্রমিকদের বেতনভাতা বৃদ্ধি, ড্রাইভিং লাইসেন্স প্রদান।প্রথম আলো ডটকমকে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এম এ মজিদ জানান, এক মাস আগে তাঁরা সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছিলেন প্রশাসন যদি ৪ জুনের মধ্যে ১৪ দফা দাবি মেনে না নেয়, তাহলে ৫ জুন থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হবে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রশাসন দাবি মেনে না নেওয়ায় তাঁরা ধর্মঘট পালন করছেন।এ বিষয়ে গতকাল রাতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শ্রমিক নেতাদের জেলা ও বিভাগীয় প্রশাসনের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। শ্রমিক নেতারা উপস্থিত না হওয়ায় বৈঠকটি হয়নি। আজ বেলা দেড়টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্যে কোনো সমঝোতা বৈঠক হয়নি।এদিকে, ঢাকাগামী টিআর ট্রাভেলসের চালক ও সুপারভাইজারকে রংপুর সিটি করপোরেশনের একজন কাউন্সিলর মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল রাত থেকে রংপুর-ঢাকাগামী সব বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন গতকাল রাতে আলাদাভাবে এ ধর্মঘটের ডাক দেয়। মোটর শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, গত সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা টিআর ট্রাভেলসের একটি বাস রংপুর নগরের মডার্ন মোড়ে পৌঁছালে সিটি করপোরেশনের কাউন্সিলর সাফিউল ইসলাম এতে ওঠার চেষ্টা করেন। এ সময় গাড়ির চালক কুদ্দুস ও সুপারভাইজার আবদুল লতিফ তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করলে সাফিউল ইসলাম তাঁদের মারধর করেন বলে অভিযোগ উঠেছে।প্রথম আলো ডটকমকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম জানান, এ ঘটনার প্রতিবাদে রংপুর থেকে ঢাকাগামী সব দিবা ও নৈশকোচ চলাচল বন্ধ রয়েছে। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর সাফিউল ইসলাম মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খলিফা জানান, টিআর ট্রাভেলসের সুপারভাইজার আবদুল লতিফ বাদী হয়ে কাউন্সিলর সাফিউল ইসলামকে আসামি করে গতকাল রাতে একটি মামলা দায়ের করেছেন।