রংপুরের পাড়া-মহল্লার সড়কগুলো নাজুক
রংপুর শহরের বিভিন্ন পাড়ার অনেক সড়কই দীর্ঘদিন থেকে বেহাল পড়ে আছে। এগুলো সংস্কারের কোনো উদ্যোগই পৌর কর্তৃপক্ষের নেই। সরেজমিনে জানা গেছে, পৌর এলাকার প্রধান প্রধান সড়কগুলোর দশা যেনতেন হলেও পাড়া-মহল্লার রাস্তাগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। শহরের মুন্সিপাড়ার সড়কটি সাত বছর থেকে বেহাল পড়ে আছে। সড়কের কার্পেটিং উঠে গেছে। ভাঙাচোরা এবড়োখেবড়ো রাস্তায় এলাকাবাসীর চলাচলে বিড়ম্বনার শেষ নেই। মুন্সিপাড়ার প্রিন্স ইসলাম বলেন, বর্ষায় কত কষ্ট হয়, বৃষ্টি হলেই দেখবেন। চারদিকে গর্ত। পথ চলাতে হয় ঝুঁকি নিয়ে। আরেক এলাকাবাসী মোনা মিয়া বলেন, দীর্ঘদিন সড়কটির এমন অবস্থা দেখে মনে হয়, আমরা পৌরসভার নাগরিকই নই। এ রাস্তার পাশেই পৌর কাউন্সিলরের বাড়ি। তিনিও যেন কিছু দেখেন না। এ পাড়াতে মেয়রেরও বাড়ি। এ রাস্তা ঠিক করাতে যে দাবি-দাওয়া জানাতে হয়, তাই তো অবাক লাগে।এ ওয়ার্ডের (তিন নম্বর) কাউন্সিলর শরিফ খান বলেন, আমি সড়কটি মেরামতে অনেকবার উদ্যোগ নিয়েছি। কিন্তু কিছু করতে পারিনি। শহরের নীলকণ্ঠ এলাকার নাগরিকেরা অভিযোগ করে জানায়, তাদের এলাকার সড়কের বেহাল লাঘবে বহুবার পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন-নিবেদন করেছেন। কিন্তু সেই আবেদনে কোনো সাড়া মেলেনি। এলাকার নাগরিক সাংস্কৃতিক সংগঠক কাইয়ুম হোসেন বলেন, রাতের বেলা বিদ্যুৎ না থাকলে এ সড়ক দিয়ে চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কোথায় কোন গর্ত তখন বোঝা যায় না। চাকরিজীবী লিটন হোসেন বলেন, এলাকার জনগণ সড়কটি নিয়ে পৌর কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন ধরেই সংস্কারের দাবি জানিয়ে আসছে। কিন্তু হচ্ছে-হবে করে শুধু আশ্বাস দেওয়া হয়েছে। জলকর এলাকার সড়কটিরও শোচনীয় অবস্থা। এখানকার বাসিন্দা ব্যবসায়ী শমসের আলী বলেন, ছেলেমেয়েদের রিকশায় বিদ্যালয়ে যেতেও ভোগান্তি পোহাতে হয়। ঝাঁকুনি খেতে খেতে ব্যাগ নিয়ে ছোট বাচ্চারা কে-কখন উল্টে পড়ে আল্লায় জানে। আমরা এ ভোগান্তি থেকে পরিত্রাণ চাই। এ ওয়ার্ডের (চার নম্বর) কাউন্সিলর আজমল হোসেন বলেন, পৌর বাসিন্দাদের তাদের প্রাপ্য সুবিধা দিতে না পারায় আমি নিজেই লজ্জিত। তবে এসব বিষয়ে পৌর মেয়র মূলত উদ্যোগী না হওয়ায় কাজ হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। এ ছাড়াও শহরের গুড়াতিপাড়া, বাবু খাঁ, কামারপাড়া, বালাপাড়া, রামপুরা, ভগি, মহাদেবপুরসহ আরও অনেক পাড়া-মহল্লার সড়কের দশাও একই রকম নাজুক বলে সরেজমিনে দেখা গেছে। এ ব্যাপারে পৌর মেয়র এ কে এম আবদুর রউফ বলেন, সড়ক সংস্কারে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নেই। নগরায়ণ পরিকল্পনায় এসব সড়ক ভালো করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন। তবে কবে নাগাদ এই নগরায়ণ পরিকল্পনা বাস্তবায়ন হবে তা তিনি জানাতে পারেননি।