রংপুরের মেয়র হতে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনের জন্য সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মোস্তাফিজার রহমান। জেলা জাতীয় পার্টির সাবেক এই সাধারণ সম্পাদক গতকাল সোমবার বেলা ১১টার দিকে রংপুর বিভাগীয় কমিশনারের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন। এর আগে গত রোববার তিনি জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেন।পদত্যাগের পর মোস্তাফিজার রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রথম থেকেই আমি বলে আসছি, নির্বাচন থেকে সরে দাঁড়াব না। তাই মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই আমি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলাম। এই পদত্যাগই প্রমাণ করেছে, আমি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রেখেছি।’ তাঁর পক্ষেও জাতীয় পার্টির একটি অংশ থাকছে বলে তিনি মন্তব্য করেন।মশিউরের মতবিনিময়: মেয়র পদে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সমর্থন পাওয়া মশিউর রহমান গতকাল দুপুরে নগরের সেন্ট্রাল রোডে দলের জেলা কার্যালয়ে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় করেন। জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মশিউর বলেন, ‘দলের চেয়ারম্যান (এরশাদ) আমাকে সমর্থন দিয়েছেন। তাই আমি ভোট করছি। দলকে এগিয়ে নিতে কাজ করার জন্য চেয়ারম্যান আমাকে নির্দেশ দিয়েছেন।’দলীয় সমর্থন না পাওয়া অন্য দুই নেতার উদ্দেশে মশিউর বলেন, ‘দলের বিরুদ্ধে গিয়ে কেউ মেয়র পদে নির্বাচন করলে আগামী জাতীয় নির্বাচনে বিরূপ প্রভাব পড়তে পারে। তাই এখনো সময় আছে ভাবুন। আপনারা যদি দল করেন, এরশাদকে ভালোবাসেন, তাহলে দলের যেন ক্ষতি না হয়—একটু ভাবুন।’সাবেক পৌর মেয়রের গণসংযোগ: সম্ভাব্য আরেক মেয়রপ্রার্থী রংপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর জাতীয় পার্টির সাবেক সভাপতি এ কে এম আবদুর রউফ গতকাল পৌরবাজার, রাজা রামমোহন মার্কেটসহ নগরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। মেয়র পদে জাতীয় পার্টির একাধিক নেতা থাকা প্রসঙ্গে আবদুর রউফ বলেন, ‘এবারই প্রমাণ হয়ে যাবে কার কত সমর্থন।’মেয়র পদে মশিউর রহমানকে এরশাদের সমর্থন দেওয়ার প্রতিবাদে গত রোববার জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেন আবদুর রউফ, মোস্তাফিজার রহমান ও তাঁদের সমর্থক নেতা-কর্মীরা। পরে মহানগর তৃণমূল জাতীয় পার্টি নামে একটি দল গঠন করেন রউফ ও তাঁর সমর্থকেরা।