রংপুরের সব দায়িত্ব আমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরে স্মরণকালের বৃহত্তম সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শাসক নয়, সেবক হিসেবে এসেছি। আমরা আমাদের নির্বাচনী ওয়াদা পূরণ করছি। রংপুরকে বিভাগ করেছি। রোকেয়া বিশ্ববিদ্যালয় করেছি।’ মঙ্গা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মঙ্গা থাকে না। এখানে এখন মঙ্গা শব্দ নেই। যখন কোনো কাজ থাকে না, সেই আশ্বিন-কার্তিক মাসে নতুন জাতের ধান উৎপাদনের ব্যবস্থা নিয়েছি।’বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘রংপুরের সব দায়িত্ব আমার। বউ হিসেবে একটা দায়িত্ব তো আছে।’জেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে এই বিশাল সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেন প্রধানমন্ত্রী। একই মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য দেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। দুই বছর আগে মহাজোট সরকার গঠনের পর এই প্রথম তাঁরা এক মঞ্চে এলেন। এর আগে ২০০৭ সালের ১০ জানুয়ারি ঢাকায় পল্টন ময়দানে আয়োজিত জনসভায় তাঁরা এক মঞ্চে বক্তব্য দেন। ওই জনসভা থেকে শেখ হাসিনা ২২ জানুয়ারির নির্বাচন প্রতিরোধে আট দিনের কর্মসূচি ঘোষণা করেন।গতকাল সকাল থেকেই সমাবেশস্থলে লোক আসতে থাকে। রংপুর বিভাগের আট জেলার দলীয় নেতা-কর্মীদের ব্যানার নিয়ে আসতে দেখা যায়। এ ছাড়া মহাজোটের শরিক দল জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টির মিছিলও আসে সমাবেশস্থলে। দুপুর দুইটার দিকে জিলা স্কুলের দুটি বিশাল মাঠ কানায় কানায় ভরে যায়। এর পরও মিছিল ও মানুষের ঢল নামতে থাকে। জিলা স্কুলের বাইরে শহরের প্রধান সড়ক কাচারীবাজার হয়ে সরকারি বালিকা বিদ্যালয় পর্যন্ত, ধাপ এলাকার বাংলাদেশ ব্যাংক, সার্কিট হাউস, কেরানীপাড়া, রাধাবল্লভ, মুন্সিপাড়াসহ আশপাশের সব সড়কে ছিল মানুষ আর মানুষ। যেন কয়েক লাখ মানুষের সমাবেশ। স্থানীয় প্রবীণ লোকজন বলছেন, রংপুরে এত বড় সমাবেশ আগে হয়েছে কি না মনে পড়ে না।বিকেল সাড়ে চারটায় প্রধানমন্ত্রী মঞ্চে ওঠেন। সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও মঞ্চে ওঠেন।রংপুরে গ্যাস সরবরাহ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘দেশে গ্যাসের ঘাটতি আছে। যখনই গ্যাস পাব, তখনই দেব।’ স্থানীয় কিছু দাবিদাওয়া প্রসঙ্গে তিনি বলেন, সৈয়দপুরের উত্তরা ইপিজেডে বিনিয়োগ আসছে। বিনিয়োগ বাড়লে সৈয়দপুরে রেলের কারখানা চালু করা হবে। সৈয়দপুর বিমানবন্দর চালু করা হবে। গাইবান্ধার বালাসীঘাটে রেলসেতু করার পরিকল্পনা আছে। নরীদের খেলাধুলার জন্য রংপুরে স্টেডিয়াম করা হবে। সেখানে সুইমিংপুল থাকবে। নারীরা আলাদাভাবে খেলাধুলা করতে পারবে।সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবুল মনসুর আহমেদ। মহাজোটের শরিক দল হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, রওশন এরশাদ, গণতন্ত্রী পার্টির মোহাম্মদ আফজাল, ওয়ার্কার্স পার্টির নজরুল ইসলাম হক্কানী, জাসদের সাখাওয়াত রাঙ্গা বক্তব্য দেন। আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, চৌধুরী খালেকুজ্জামান, ইকবালুর রহীম, জাফর আলী, মোজাহারুল হক, ফজলে রাব্বী, রংপুর পৌরসভার মেয়র এ কে এম আবদুল রউফ প্রমুখ।এ ছাড়া মঞ্চে ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আবদুল আহাদ ও টিপু মুনশী।শেখ হাসিনা বলেন, যোগাযোগের ক্ষেত্রে রেল খুব অবহেলিত ছিল। রংপুরে আন্তনগর ট্রেন পুনরায় চালু করা হবে। রংপুর মেডিকেলে একটি বার্ন ইউনিট খোলা হবে। রংপুরকে সিটি করপোরেশন ও মহানগর এলাকা করা হবে। তিনি বলেন, এখন শিক্ষার্থীরা মাধ্যমিক পর্যন্ত বই পাচ্ছে। ভবিষ্যতে স্নাতক পর্যন্ত বিনা বেতনে যাতে পড়তে পারে, সে ব্যবস্থা করার পরিকল্পনা আছে।বিদ্যুৎ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কৃষকেরা সেচের মৌসুমে যেন বিদ্যুৎ পান, সে ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যসেবা প্রসঙ্গে বলেন, ছয় হাজার মানুষের জন্য একটি করে কমিউনিটি হেলথ সেন্টার করা হচ্ছে, যা বিএনপি বন্ধ করে দিয়েছিল। তিনি বলেন, মাদকাসক্তি যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। এর জন্য কাজ করতে হবে। বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে ঋণের ব্যবস্থা করা হয়েছে।সামাবেশে এরশাদ বলেন, মহাজোট নির্বাচনী জোট নয়। মহাজোট আন্দোলন-সংগ্রামের জোট। মহাজোট ক্ষমতায় এসেছে বলেই বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। জঙ্গিবাদ দমন হয়েছে। মহাজোটকে আরও শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। যেভাবেই হোক আবারও ক্ষমতায় আসতে হবে।সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ অনুশীলনআইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রংপুরের গঙ্গাচড়া উপজেলার পানাপুকুর এলাকায় ৬৬ পদাতিক ডিভিশনের শীতকালীন যৌথ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।প্রধানমন্ত্রী অনুশীলন এলাকায় এসে পৌঁছালে সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন এবং ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মো. এহতেশাম উল হক তাঁকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী প্রশিক্ষণ এলাকায় একটি পদাতিক ব্রিগেড গ্রুপের আক্রমণ অনুশীলন প্রত্যক্ষ করেন।আক্রমণ ও প্রতিআক্রমণ অনুশীলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে ৬৬ পদাতিক ডিভিশনের ২২২ পদাতিক ব্রিগেড গ্রুপ এবং ডিভিশনের অন্তর্ভুক্ত অন্যান্য কয়েকটি ইউনিট। আক্রমণে সহায়তাকারী হিসেবে বিমানবাহিনীর হেলিকপ্টার, ফাইটার ও পরিবহন বিমান, আর্মি এভিয়েশনের হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন। নানা কার্যক্রমের মধ্যে এ অনুশীলনে ছত্রীসেনা অবতরণ, হেলিকপ্টার থেকে ফাস্ট রোপিংয়ের মাধ্যমে কমান্ডোদের দ্রুত অবতরণ, ফাইটার বিমান থেকে শত্রু এলাকায় গোলা নিক্ষেপ, মাইন ফিল্ড বাধা অতিক্রম, ট্যাংক যুদ্ধ, পদাতিক বাহিনীর ডগফাইটসহ হতাহতদের হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের সাহায্যে স্থানান্তর ইত্যাদি প্রদর্শনের মাধ্যমে অনুশীলনটি ব্যতিক্রমী ও বেশ উপভোগ্য হয়ে ওঠে।অনুশীলন কার্যক্রম পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শীতকালীন যৌথ প্রশিক্ষণে অংশগ্রহণকারী অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকদের উদ্দেশে আয়োজিত দরবারে ভাষণ দেন।