রংবাহারি দুর্লভ স্কারলেট ম্যাকাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেমন তার বাহারি রং, তেমনি চমক লাগানো কাজকর্ম। গড়ন আমাদের দেশের টিয়া পাখির মতো। তবে আকারে অনেক বড়। মাথা থেকে গলা, বুক ও পিঠ টকটকে লাল। পাখনায় এক স্তর কাঁচা হলুদ পালক, শেষাংশ আকাশের মতো নীল। লেজের লম্বা পালকগুলো লাল-নীলে মেশানো। বাঁকানো ঠোঁটটি ফিকে হলুদ, আর চোখের পাশ দিয়ে সাদা রঙের প্রলেপ। পাখিটির নাম স্কারলেট ম্যাকাও। দক্ষিণ আমেরিকার আমাজন বন এদের আদি নিবাস। এ ছাড়া মেক্সিকো, কোস্টারিকা, পানামা ও এল সালভাদরেও এই পাখির দেখা মেলে। চোখজুড়ানো ঝলমলে রং আর মিশুক স্বভাবের কারণে সারা বিশ্বেই পাখিটি অত্যন্ত জনপ্রিয়। শৌখিন পাখি অনুরাগীরা একে খাঁচায় পোষেন। তবে আমাজনের আদিবাসীরা ম্যাকাওয়ের পালক দিয়ে তাদের মুকুট ও অলংকার তৈরি এবং পোশাক সজ্জিত করে। বিপুল জনপ্রিয়তার কারণে চোরাশিকারিরা ম্যাকাও পাখি ধরে বিক্রি করে। এ ছাড়া বৈশ্বিক উষ্ণতা, বনভূমি ধ্বংস ও প্রাকৃতিক দুর্যোগের কারণেও ম্যাকাওয়ের সংখ্যা এখন আশঙ্কাজনকভাবে কমে গেছে। বর্তমানে ম্যাকাও অত্যন্ত বিপন্ন পাখির তালিকাভুক্ত।ম্যাকাও ঠোঁট থেকে লেজ পর্যন্ত ৩৩ থেকে ৩৫ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। গভীর জঙ্গলে বড় গাছের কোঠরে, বিশেষ করে পাইন গাছে এরা বাসা বাঁধে। ম্যাকাও দল বেঁধে চলাচল করে; এক দলে ১০টি থেকে ৩০টি পর্যন্ত থাকে। এরা বছরে একবার দুই থেকে চারটি ডিম পাড়ে। এই পাখির গড় আয়ু প্রায় ৫০ বছর। অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ায় খাঁচায় পোষা পাখি হিসেবে ফ্রান্স, বেলজিয়াম ও যুক্তরাষ্ট্রে ম্যাকাও নিয়ে গবেষণা চলছে এবং সফলভাবে এসব দেশে খাঁচায় ডিম ও বাচ্চা ফোটানো সম্ভব হয়েছে। বর্তমান বাজারে খাঁচায় জন্ম নেওয়া স্কারলেট ম্যাকাওয়ের দাম প্রায় ২০ হাজার ডলার, বাংলাদেশি টাকায় ১৪ লাখ টাকার মতো। সম্প্রতি আমাদের দেশে মেক্সিকো থেকে খাঁচায় জন্ম নেওয়া একটি স্কারলেট ম্যাকাও এনেছেন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যান্ড রিয়ারিং অ্যাসোসিয়েশনের মহাসচিব, পাখিপ্রেমিক আবদুল ওয়াদুদ। পাখিটি আছে তাঁর হাতিরপুল, ২২/২ সোনারগাঁ রোডের প্লাটিনাম জিমের মিনি চিড়িয়াখানায়। এখানে খাঁচায় পোষা অন্যান্য দুর্লভ প্রজাতির পাখির সঙ্গে ম্যাকাওটিরও সময় কাটছে। পাখিটি বিভিন্ন ধরনের কথা বলে, খেলাধুলা করে, হাতে ওঠে এবং সবার সঙ্গে মিশতে পারে। সংগ্রাহক আবদুল ওয়াদুদ জানিয়েছেন, প্লাটিনাম জিমে ফিকামলি ব্যায়াম প্রশিক্ষণ দেওয়ার জন্য তিনি পাখিটি সংগ্রহ করেছেন। এখানে পশুপাখির বিভিন্ন অঙ্গভঙ্গি অনুকরণ, অনুসরণ করে ব্যায়াম, অ্যারোবিকস, যোগাসন ও ধ্যান শেখানো হয়। পাখি, ব্যায়াম, ধ্যান—এ তিনের সমন্বয়ে ‘ফিকামলি ব্যায়াম’। বিশ্বে এটি এক নতুন ধারণা ও পদ্ধতির ব্যায়াম। আগ্রহী ব্যক্তিরা ম্যাকাওসহ বিভিন্ন দুর্লভ প্রজাতির পাখি বিনা খরচায় এই মিনি চিড়িয়াখানায় এসে দেখতে পাবেন।