রওশনকে পায় না রংপুরবাসী!
রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে জয়ী হওয়ার পর কেটে গেছে আড়াই বছর। এই দীর্ঘ সময়ে একবারও নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হননি জাতীয় পার্টির সাংসদ রওশন এরশাদ। সাংসদকে কাছে না পেয়ে সমস্যা, দুর্ভোগের কথাও বলতে পারছেন না ভোটাররা।২০০৮ সালের ডিসেম্বরে নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে জয়ী হন। পরে তিনি ঢাকার আসনটি রেখে রংপুরের আসনটি স্ত্রী রওশনের জন্য ছেড়ে দেন। উপনির্বাচনের সময় রওশন প্রতিশ্রুতি দিয়েছিলেন, আধুনিক শহর বলতে যা যা বোঝায়, রংপুরকে এমন একটি শহরে রূপান্তরিত করবেন। রংপুর শহরকে করবেন তিলোত্তমা আধুনিক নগর। সেই সঙ্গে রংপুর চিড়িয়াখানার আধুনিকায়ন, রাস্তাঘাটের ব্যাপক সংস্কার ও উন্নয়ন, কারমাইকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সদর আসনের ভোটারদের অভিযোগ, সাংসদ রওশন তাঁর দেওয়া কোনো প্রতিশ্রুতির বাস্তবায়ন করেননি।ভোটারদের ভাষ্যমতে, নির্বাচনের পর সাংসদ রওশন মাঝেমধ্যে তাঁর স্বামী এরশাদের সফরসঙ্গী হয়ে রংপুরে এসেছেন। কিন্তু তাঁদের মুখোমুখি হননি। ফলে সাংসদকে কাছে না পেয়ে তাঁদের সমস্যা, অভাব-অভিযোগের কথাও জানাতে পারেননি। তাই সাংসদের সুপারিশসহ বিভিন্ন কাজের জন্য এলাকাবাসীকে প্রায়ই ঢাকায় যেতে হয়েছে বলে অনেকের অভিযোগ। এতে তাঁদের ভোগান্তিতেও পড়তে হয়েছে।প্রতিক্রিয়া: সদরের রাজেন্দ্রপুর ইউনিয়নের গৃহিণী রুমানা আক্তার বলেন, ‘ওই ভোটের সময় হামার এলাকার এমপিক একবার দেখছি। কত শখ করি ওমাক ভোট দেনো বাহে...।’নাম প্রকাশে অনিচ্ছুক সদরের একটি বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক বলেন, ‘এমপি রওশন এরশাদকে না পেয়ে ঢাকায় গিয়ে দেনদরবারের পর তাঁর সঙ্গে দেখা করে স্বাক্ষর সংগ্রহ করেছি।’সাতগাড়া ইউনিয়নের কলেজশিক্ষক রমজান আলী বলেন, কেন জানি রংপুর সব সময় উপেক্ষিত। জাতীয় পার্টির ক্ষেত্রে এমনটি আশা করা যায়নি। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রাজশাহী বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত রাংগা বলেন, ‘রংপুরকে বিভাগ করা হয়েছে। সিটি করপোরেশন ঘোষণা হওয়ার পথে। এ ছাড়া সদর আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে সাংসদ রওশন এরশাদকে পাওয়া যায় না।’একই ধরনের মন্তব্য করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ‘একজন সাংসদকে যদি এলাকাবাসী কাছে না পায়, তাহলে মানুষের ক্ষোভ তো আসবেই।’জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুজ্জামান বলেন, ‘ভোটের আগে এই শহরকে তিলোত্তমা নগর করা হবে এবং আরও কত কী উন্নয়ন করবেন বলে প্রতিশ্রুতির যেন শেষ ছিল না। কিন্তু নির্বাচিত হওয়ার পর রওশন এরশাদ একেবারে ভুলে গেলেন রংপুরের জনগণকে।’ জাতীয় পার্টিতেও ক্ষোভ: সাংসদ রওশন এলাকায় না যাওয়ায় জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যেও রয়েছে ক্ষোভ। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বলেন, ‘তিনি (সাংসদ রওশন) নির্বাচিত হওয়ার পর এ পর্যন্ত রংপুর সদরে কোনো সভা-সমাবেশ হয়নি। উন্নয়নমূলক কোনো কাজ তো দূরের কথা, আমরা দলগতভাবে তাঁকে পাইনি। আর জনগণ কীভাবে পাবে।’ তবে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক সাংসদ মশিউর রহমান বলেন, ‘নির্বাচিত হওয়ার পর ম্যাডাম (সাংসদ রওশন) অধিকাংশ সময় ছিলেন অসুস্থ। এতে এলাকাবাসীর সঙ্গে তিনি কুশল বিনিময় করতে না পারলেও আমি তাঁর হয়ে সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি।’ রওশন বলেন: সাংসদ রওশন এরশাদ বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার পর পর অসুস্থ হয়ে পড়ি। চিকিৎসার জন্য দেশের বাইরেও গিয়েছি। আমার তো বাঁচারই কথা ছিল না। আপনাদের সবার দোয়ায় আমি এখন কিছুটা সুস্থ। আশা করি, আরেকটু সুস্থ হয়ে উঠলে রংপুরে যাব।’আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত না থাকার বিষয়টি স্বীকার করে রওশন বলেন, ‘বিভিন্ন সময়ে এলাকার লোকজন উন্নয়নমূলক কাজে আমার কাছে এলে আমি কাগজপত্রে সই করে দিই।’