রকমারি আয়োজনে দিনভর উৎসব
উদ্বোধনের আনুষ্ঠানিকতা হয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যায়। গতকাল সারা দিন বৈচিত্র্যময় আয়োজন নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হলো হে আন্তর্জাতিক সাহিত্য উৎসবের। বাংলা একাডেমী চত্বর সকাল থেকেই প্রাণস্পন্দিত হয়ে উঠেছিল সাহিত্যিক, শিল্পী ও তাঁদের অনুরাগীদের পদচারণে।একসঙ্গে তিনটি মঞ্চে চলেছে অধিবেশন। নতুন ভবনের প্রধান মিলনায়তন, সেমিনার কক্ষ এবং প্রাঙ্গণে উন্মুক্ত মঞ্চে বিরতিহীন কর্মসূচি। এক অধিবেশন শেষ হচ্ছে, পরক্ষণেই শুরু হচ্ছে অন্যটি। উপন্যাস, গল্প, আদিবাসী জনগোষ্ঠীর সাহিত্য, কবিতা থেকে শুরু করে সংগীত, চলচ্চিত্র, পরিবেশ, রাজনীতি বাদ পড়েনি কিছুই।একাডেমীর প্রাঙ্গণজুড়ে বাঁশ-কাঠের কাঠামো দিয়ে তৈরি করা ছোট ছোট স্টল। তার কোনো কোনোটিতে বিভিন্ন প্রকাশকের বই। কোনোটিতে হালকা খাবার পানীয়। কোনোটি আবার শুধুই বসে বসে আড্ডা জমানোর জন্য বেঞ্চ পেতে রাখা। প্রথমা, দ্য ডেইলি স্টার, ইউপিএল, বাংলা একাডেমী, ব্রিটিশ কাউন্সিলসহ বিভিন্ন সংস্থার প্রকাশনা কিনতেও তাদের স্টলে এসেছেন অনেকে। আবার পছন্দের অধিবেশনে অংশ নিয়ে খানিকটা সময় পাড় বাঁধানো পুকুরের ধারে বসে চুটিয়ে আড্ডা দিয়েছেন অনেকেই।কল্পনায় বিশ্ব মূল ভাবনা নিয়ে শুরু হওয়া তিন দিনের হে আন্তর্জাতিক সাহিত্য উৎসব মিলিতভাবে আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল, বাংলা একাডেমী, দ্য ডেইলি স্টার, প্রথম আলো, যাত্রীক ও জেমকন গ্রুপ। গতকাল সকাল ১০টা থেকে শুরু হয়েছিল অধিবেশন। প্রাঙ্গণে ছিল জাতীয় কবি নজরুল ইসলামের কবিতার আবৃত্তি। প্রধান মিলনায়তনে ছিল মুক্তিযু্দ্ধবিষয়ক উপন্যাস নিয়ে আলোচনা। এতে অংশ নেন সেনস ফ্রম আর্লি লাইফ বইয়ের লেখক ব্রিটিশ ঔপন্যাসিক ফিলিপ হেনসার। পাকিস্তানের ঔপন্যাসিক কামিলা শামসির উপন্যাস কার্টোগ্রাফি এবং বাংলাদেশের কথাসাহিত্যিক আনিসুল হক তাঁর মা উপন্যাস নিয়ে আলোচনা করেন। এ পর্বের সঞ্চালনা করেন বাংলাদেশের ইংরেজি ভাষার লেখক ও উৎসবে সহ-প্রযোজক তাহমিমা আনাম। মাঠের উন্মুক্ত মঞ্চে ছিল ডাইভার্স রিয়েলিটিজ নামে চাকমা ভাষার কবিতা এবং অনূদিত কবিতার অনুবাদ। এতে অংশ নেন ত্রিমিতি চাকমা, ত্রিজিনাদ চাকমা ও পল্লব চাকমা।প্রান্তিক জনগোষ্ঠীর সাহিত্য নিয়ে আলোচনা ছিল সেমিনার কক্ষে। সঞ্চালনা করেন সাইমন জাকারিয়া। আলোচনা করেন জাভেদ হোসেন, মৃত্তিকা চাকমা ও শুভাশীষ সিনহা।‘নারীর লেখা নারীর দেখা’ শীর্ষক আলোচনা ছিল মূল মিলনায়তনে। শাহনাজ মুন্নীর সঞ্চালনায় এ পর্বে অংশ নেন সেলিনা হোসেন, উম্মে মুসলিমা, আনোয়ারা সৈয়দ হক ও মাসুদা ভাট্টি।অনুবাদ নিয়ে আলোচনা ছিল ফখরুল আলমের সঞ্চালনায় সেমিনার কক্ষে। এতে অংশ নেন মাহমুদা রহমান, আনিসুল হক, শাহীন আখতার ও কায়সার হক।জুমার নামাজের বিরতির পর বেলা দুইটা থেকে আবার শুরু হয়েছিল টানা অধিবেশন। প্রাঙ্গণে ছিল কবিয়াল সাইদুর রহমান বয়াতি ও কবিয়াল আবুল বাশারের দলের কবিগান।এ ছাড়া ছিল ওয়াসফিয়া নাজরীন, শাকুর মজিদ ও রানা হায়দারের ভ্রমণবিষয়ক আলোচনা।