রকমারি পাঞ্জাবির খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের সকাল পুরোটাই থাকে পাঞ্জাবির দখলে। ঈদের নামাজের জন্য পাঞ্জাবি অত্যাবশ্যক তো বটেই, পাঞ্জাবি এখন রুচি ও আভিজাত্যের পরিচায়কও। এ বছরের ঈদে পাঞ্জাবির ধরনটি কেমন চান? জানতে চাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান হাফিজুর রহমানের কাছে। হাসান বলেন, ‘পাঞ্জাবি হতে হবে গর্জিয়াস। কিন্তু কারুকাজ হবে খুব সাধারণ। নিজের রুচির সাথে মিল থাকবে। আর রং একটু উজ্জ্বল হতে হবে।’ এমনই অনেক অনেক হাসানের চাহিদার কথা ভেবে বাজারে আসে এক একটি পাঞ্জাবি। কিন্তু হাসানদের মতো টিনএজারের মন বোঝা কি এত সহজ? তাই বাজার সয়লাব ভিন্ন ধাঁচের পাঞ্জাবিতে। কোনোটা কারুকার্যময়, আবার কোনোটা সাধারণ। টিনএজারদের ভাষায় ‘সিম্পল’ আর ‘জাঁকালো’। আর রঙের বাহার তো থাকবেই। তাহলে শোনা যাক এ বছরের পাঞ্জাবির বাহার। ইউনিটিকার জয়জয়কারএবার ঈদের পাঞ্জাবির সবচেয়ে কাটতি ইউনিটিকা কাপড়ের। দেশি এই কাপড়টি শতভাগ সুতির তৈরি। বেশ আরামদায়কও বটে। সদরঘাটের পাইকারি পাঞ্জাবির বাজার শরীফ মার্কেটের সভাপতি আইয়ুব আলী হাওলাদার জানান, এবারের গরম আবহাওয়া আর স্টাইল বিবেচনায় ইউনিটিকা কাপড়ের সাদা রঙের পাঞ্জাবি বেশি চলছে। এ ছাড়া ইউনিটিকা কাপড়ের মেরুন, সবুজ, লাল রঙের পাঞ্জাবিও বাজারে এসেছে। ইউনিটিকা কাপড়ে সহজেই নানা ধরনের কারুকাজ করা যায়। কারচুপি, ভরাট কাজ কিংবা নকশি—সব কারুকাজের জন্যই ইউনিটিকা উপযোগী। ফলে বাজারে এবার ইউনিটিকা কাপড়ের চাহিদাও বেশি। আবার সব ধরনের কারুকাজ করা যায় বলে এই কাপড়ের তৈরি পাঞ্জাবির দামও হয় নাগালের মধ্যে। ইউনিটিকা কাপড়ের তৈরি পাঞ্জাবি কারুকাজের ওপর নির্ভর করে ১৫০০ থেকে ৪৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।আবার ভারতীয় অরবিন্দু ধুতির কাপড়ও বেশ চলছে। ধুতি বানানোর এই কাপড়ে আমাদের দেশে তৈরি হচ্ছে পাঞ্জাবি। ইউনিটিকার মতো অরবিন্দু কাপড়ে ইচ্ছেমতো কারুকাজ করা যায়। ফলে এর চাহিদা বেশি। অরবিন্দু ধুতির কাপড়ে তৈরি পাঞ্জাবির দাম ১২০০ টাকা থেকে শুরু।আমাদের দেশজ রাজশাহী সিল্ক, অ্যান্ডি কাপড় এগুলোও চলছে। মিরপুর রোডের পাঞ্জাবি বিক্রেতা আনিস জানান, অ্যান্ডি সুতি কাপড়ের মধ্যে স্পন অ্যান্ডি বেশি চলছে। অ্যান্ডি কাপড়ের পাঞ্জাবিগুলো ১৮০০ থেকে ২৫০০ টাকার মধ্যেই মিলবে মিরপুর রোড এলাকায়। ‘সিম্পল’ আর ‘জাঁকালো’ কারুকাজঈদের পাঞ্জাবি, আর তাতে কারুকাজ থাকবে না এমন হয়? এবারের ঈদে বাজার মাত করেছে কারচুপির কারুকাজ। ক্রেতারাও মজেছে কারচুপি নকশার সূক্ষ্ম কারচুপিতে! নিউ এলিফ্যান্ট রোডের সম্ভার ফ্যাশনের মালিক মো. আরিফুল ইসলাম জানান, কারচুপির নকশা এবারের হিট আইটেম। কারচুপি কাজ করা একটি পাঞ্জাবির দাম সর্বনিম্ন ১৫০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত ওঠানামা করছে।মিরপুরের কারচুপি ছাড়াও ঢাকার মালিবাগের বিভিন্ন কারখানায় পাঞ্জাবির কারচুপির কাজ চলছে। এ ছাড়া মানিকগঞ্জের ভরাটকাজ আর নকশিও ভালো চলছে।এবার হাতে তৈরি কারুকাজের সঙ্গে পাল্লা দিচ্ছে স্বয়ংক্রিয় মেশিনের কারুকাজ। মেশিনে তৈরি বলে দাম তুলনামূলক কম আর নকশার ভিন্নতার ফলে এসেছে নতুনত্ব। মিরপুর রোডের একাধিক ব্যবসায়ী স্বয়ংক্রিয় মেশিনের কারুকাজের চাহিদার কথা জানান। খাটো নাকি লম্বা?সাম্প্রতিক বছরগুলোতে তরুণদের কাছে শর্ট পাঞ্জাবির চাহিদা ছিল আকাশছোঁয়া। এবারও শর্ট পাঞ্জাবির প্রতি তরুণদের ঝোঁক বেশি। কিন্তু শর্ট পাঞ্জাবিগুলোর কাটিং আর কারুকাজে এসেছে ভিন্নতা। শরীরের সঙ্গে লেপ্টে থাকা শর্ট পাঞ্জাবির নাম শর্ট বডিফিট। আবার যাদের একটু ঢিলেঢালা পছন্দ তাদের জন্য আছে লুজ বডিফিট। তবে কাটিং যা-ই হোক, এবার শর্ট পাঞ্জাবিতেও উঠে এসেছে কারচুপির সূক্ষ্ম কাজ। পীর ইয়ামেনী মার্কেটের বিক্রেতা আমজাদ জানান, এবার শর্ট পাঞ্জাবির গলা আর কবজিতে কারচুপির কাজ বেশ চলছে। আবার শর্ট পাঞ্জাবির মধ্যে হাই নেক নামের উঁচু কলারওয়ালা শর্ট পাঞ্জাবিও বাজারে এসেছে।তবে শর্টের দাপটে লং পাঞ্জাবি কিন্তু বাজার হারায়নি। সদরঘাটের শরীফ মার্কেটের পাঞ্জাবি ব্যবসায়ী সমিতির সহসভাপতি লুৎফর রহমান জানান, লং পাঞ্জাবির বাজার বছর দুয়েক তেমন ভালো যায়নি। কিন্তু এবার লং পাঞ্জাবিও সমান তালে বিক্রি হচ্ছে। লং পাঞ্জাবির চাহিদা কখনো কমে না। এবার এই পাঞ্জাবিটি সাদা রঙের বেশি বিক্রি হচ্ছে। আর কাপড়ের মধ্যে ইউনিটিকা, স্লাপ কটন আর অরবিন্দু ধুতির কাপড়ই বেশি চলছে। বিদেশি দাপটভারতীয় বোম্বে টুপিস হলো এবারের সবচেয়ে জমকালো পাঞ্জাবি। পুরো পাঞ্জাবিটাই ডুবে রয়েছে কারচুপির সূক্ষ্ম কাজে। বাহারি কারুকাজ আর রঙের এই পাঞ্জাবি সেটের দাম আট হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত।ঢাকার সদরঘাটের শরীফ মার্কেট, পীর ইয়ামেনী মার্কেট আর এলিফ্যান্ট রোডের পাঞ্জাবির বাজার ঘুরে দেখা গেছে বিদেশি পাঞ্জাবির দাপট। ভারতীয় বাজারের কুশাল, শাহেন শাহ, খানসাবের মতো বড় বড় প্রতিষ্ঠানের পাঞ্জাবি ঝুলছে ঢাকাই দোকানগুলোতে। আবার পাকিস্তানের কিছু নামীদামি পাঞ্জাবিও মার্কেটগুলোতে মিলছে। ভারতে তৈরি ভি-গলা শর্ট পাঞ্জাবি, সেমি শর্ট, শেরওয়ানি স্টাইল আর কাতান পাঞ্জাবিগুলোর দাম আকাশছোঁয়া। এগুলোর দামই শুরু হয়েছে পাঁচ হাজার টাকা থেকে। কোনো কোনো দোকানে দাম ২০ হাজার টাকা পর্যন্ত। এলিফ্যান্ট রোডের বোম্বে মেট্রোর আবদুল মান্নান জানান, ভি-গলার পাঞ্জাবিগুলো এবার তরুণদের কাছে বেশ জনপ্রিয়। দাম বেশি বলে বিক্রি একটু কম। কিন্তু ক্রেতার এই পাঞ্জাবির প্রতি আগ্রহ রয়েছে। দোকানে ঢুকে সবার আগে ভি-গলা পাঞ্জাবিগুলোই নেড়েচেড়ে দেখছে।পাকিস্তানের শর্ট পাঞ্জাবির কাটতি বেশ ভালো। এটা পাকিস্তানি কাটিং বলেও পরিচিত। আবার কাশ্মীরি শর্ট পাঞ্জাবি আর দরবারে হাই নেক নামে পাকিস্তানের পাঞ্জাবিগুলোও চলছে দেদার। পাকিস্তানি ধুপিয়ান শর্ট পাঞ্জাবিগুলো দেড় থেকে দুই হাজার টাকার মধ্যে থাকায় এবার এগুলোর বেচাকেনা ভালো। দেশের বাইরের এসব শর্ট পাঞ্জাবির দাম চার শ থেকে ছয় হাজার টাকার মধ্যে।