রক্ত নিয়ে খালেদা ক্ষমতায় যেতে চান: হাসিনা (ভিডিও)
রক্ত নিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ক্ষমতায় যেতে চান বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ সোমবার বিকেলে আওয়ামী লীগের জনসভায় শেখ হাসিনা এ কথা বলেন।গত শনিবার বিকেলে মানিকগঞ্জের সিঙ্গাইরে এক শোক সমাবেশে ভাষণে খালেদা জিয়া বলেছিলেন, ‘আন্দোলন করতে গেলে হয়তো আরও কিছু প্রাণহানি হবে। জানমালের ক্ষতি হবে। কিন্তু দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এই ক্ষতি মেনে নিতে হবে।’খালেদা জিয়ার এই বক্তব্যের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি বিরোধী দলের নেতা। তাঁর মুখ থেকে এ ধরনের কথা কীভাবে আসে? তিনি কীভাবে মানুষের রক্ত চান? তিনি কীভাবে বলেন, আরও প্রাণহানি ঘটবে। কার জন্য? ওই যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য? জামায়াতে ইসলামীকে রক্ষা করার জন্য? ওই যুদ্ধাপরাধীদের বিচারের হাত থেকে রক্ষার জন্য তিনি মানুষের জীবন নেবেন? অনেক জীবন তো নিয়েছেন। আপনি নিয়েছেন। আপনার স্বামী নিয়েছেন।’শেখ হাসিনা বলেন, ‘মানুষের রক্ত নেওয়া—এটা ওনাদের চরিত্র। তাই উনি আরও রক্ত চান। রক্ত চান কেন? রক্ত চান একটাই কারণে। উনি রক্ত নিয়ে ক্ষমতায় যাবেন। রক্ত নিয়ে বাংলাদেশকে ধ্বংস করে উনি মসনদে বসবেন। গদিতে বসবেন।’শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধের বিচারের কাজ যখনই শুরু হয়েছে, তখনই অস্থির হয়ে গেছেন বিএনপির নেত্রী। কেন অস্থির হয়েছেন এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী নিজেই উত্তর দেন। শেখ হাসিনা বলেন, ‘তিনি (খালেদা জিয়া) বাংলাদেশের জনগণের কল্যাণ-মঙ্গল চান না। যুদ্ধাপরাধীদের বিচারের রায় হতে শুরু করলে তিনি ষড়যন্ত্র শুরু করেন।’শাহবাগের তরুণ প্রজন্মকে ‘নষ্ট’ ও ‘নাস্তিক’ বলে অভিহিত করায় খালেদা জিয়ার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বিরোধীদলীয় নেতার উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে নাস্তিক বলেন কীভাবে? কে নাস্তিক, সেটা তো আল্লাহ বিচার করবে। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এটা তো আমাদের ইসলাম ধর্মেই আছে। আমরা যদি বিশ্বাস করি, আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছে, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাটাও নড়ে না, তাহলে আল্লার ওপর তো আমাদের বিশ্বাস রাখতে হবে। উনি আল্লাহর ওপরও বিশ্বাস হারিয়েছেন। এমনই মানসিক অসুস্থতা নিয়ে এসেছেন যে, আজকে আমাদের ছেলেদের তিনি বলেন নষ্ট চরিত্র, তিনি বলেন নাস্তিক। কে কতটুকু ধর্ম পালন করেন, সেটুকু তো সকলেরই জানা আছে। আর জেলখানায় তো একসাথেই বন্দী ছিলাম। পাশাপাশি বাড়ি হলেও সকলের কথা সকলের জানা হয়ে গেছে।’খালেদা জিয়া বাংলাদেশের ছেলেমেয়েদের পড়াশোনা করতে দিতে চান না বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘উনি (খালেদা জিয়া) চান না আমাদের দেশের ছেলেমেয়েরা লেখাপড়া শিখুক। যখন ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, উনি বারবার হরতাল দিয়ে পরীক্ষা বাধাগ্রস্ত করছেন।’ বিরোধী দলের হরতালের মধ্যেই জনসভায় ব্যাপক লোকসমাগম ঘটে। বেলা তিনটার দিকে জনসভা শুরু হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে জনসভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। পৌনে ছয়টার দিকে বক্তব্য দেওয়া শুরু করেন প্রধানমন্ত্রী।