রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্র কায়রো, গুলিতে নিহত ১০
মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে সরকার-সমর্থক ও বিরোধীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শত শত মানুষ। গতকাল বৃহস্পতিবার কায়রোর কেন্দ্রস্থলে তাহরির স্কয়ারে দ্বিতীয় দিনের মতো দুই পক্ষের সংঘর্ষ চলে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রেসিডেন্ট মোবারকের সমর্থকেরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ উঠেছে। তাহরির স্কয়ারসহ আশপাশ এলাকায় বিপুলসংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। তারা দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।এদিকে প্রেসিডেন্ট হোসনি মোবারকের মনোনীত নতুন প্রধানমন্ত্রী আহমেদ শফিক সরকার-সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি এ ঘটনা তদন্তের পর ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেন। দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল আদলিসহ বেশ কয়েকজন মন্ত্রীর দেশ ছাড়ার প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করতে প্রেসিডেন্ট মোবারকের প্রতি আহ্বান জানিয়েছে।প্রেসিডেন্ট মোবারকের পদত্যাগের দাবিতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাহরির স্কয়ারে বিক্ষোভ চলছে। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট মোবারক রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ঘোষণা করেন, আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠেয় নির্বাচনের আগে তিনি ক্ষমতা ছেড়ে দেবেন। ওই নির্বাচনে তিনি অংশ নেবেন না। বর্তমান সংবিধানেও পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেন তিনি। কিন্তু বিক্ষোভকারীরা এসব প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করে তাঁর পদত্যাগের দাবি করতে থাকে। এরপর প্রেসিডেন্ট মোবারকের সমর্থকেরা রাজপথে নেমে এলে গত বুধবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।কায়রো রণক্ষেত্র: কায়রোর তাহরির স্কয়ারে প্রথম দিনের সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৫০০ জন আহত হয়। প্রেসিডেন্ট মোবারকের পদত্যাগের দাবিতে শত শত বিক্ষোভকারী রাতভর ওই স্কয়ারে অবস্থান করে। রাতেও দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর চারটার দিকে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে মুহুর্মুহু গুলির শব্দ শোনা যায়। প্রেসিডেন্ট মোবারকের সমর্থকেরা স্কয়ারের কাছের একটি সেতুর ওপর থেকে সরকারবিরোধীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং পরে আরও চারজন নিহত হন। আহত ব্যক্তিদের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, তাঁরা তিনটি লাশ অ্যাম্বুলেন্সে তুলতে দেখেছেন। স্কয়ারের পাশে নির্মিত অস্থায়ী চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক সাইদ হোসেন জানান, তাঁরা ১০ ব্যক্তির মৃতদেহ পেয়েছেন। স্থানীয় আল আরাবিয়া টেলিভিশনে নিহত ব্যক্তির সংখ্যা ১০ বলে খবর প্রচার করে। তবে স্বাস্থ্যমন্ত্রী সামিহ ফরিদ পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। আহত ব্যক্তিদের মধ্যে ৮৩৬ জনকে কায়রোর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় বলে উল্লেখ করেন তিনি।গতকাল সকালের দিকে ওই স্কয়ার ও আশপাশ এলাকায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকে। অনেককে উট ও ঘোড়া নিয়ে স্কয়ার এলাকায় অবস্থান নিতে দেখা যায়। বিক্ষোভকারীরা ‘যেকোনো উপায়ে প্রেসিডেন্টের পদ থেকে মোবারককে হটিয়ে দেব’, ‘আমরা পিছু হটব না, জাতির সঙ্গে বেইমানি করব না’ প্রভৃতি স্লোগান দিতে থাকে। বিক্ষোভকারীদের একজন মুখপাত্র অভিযোগ করেন, সাদা পোশাকের পুলিশ সকালে বিক্ষোভকারীদের তাহরির স্কয়ার থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট মোবারকের সমর্থকেরা বিভিন্ন দিক থেকে তাহরির স্কয়ারের দিকে আসতে থাকে। এ সময় তাদের হাতে ছুরি ও বিভিন্ন ধরনের অস্ত্র দেখা যায়। একপর্যায়ে তারা তাহরির স্কয়ারের নিয়ন্ত্রণ নিতে চাইলে সরকারবিরোধীদের সঙ্গে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে উভয় পক্ষ পরস্পরের দিকে পাথর ও পেট্রল বোমা নিক্ষেপ করে। এ সময় স্কয়ারসহ আশপাশ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই দিনের বিক্ষোভে স্কয়ারের আশপাশের বড় বড় ভবনের ছাদ থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পাথর ও বোমা নিক্ষেপ করা হয়। আহত ব্যক্তিদের বেশির ভাগই মাথায় আঘাত পেয়েছে বলে জানা গেছে। সংঘর্ষে বেশ কয়েকজন সাংবাদিকও আহত হন। আটক করা হয় ২৪ জন সাংবাদিককে। এঁদের মধ্যে নিউইয়র্ক টাইমস-এর দুই সাংবাদিককে পরে ছেড়ে দেওয়া হয়।তাহরির স্কয়ারের বিক্ষোভকারী মোনা সেইফ বলেন, ‘পাঁচ ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। মাঝেমধ্যেই গুলির শব্দ শোনা যাচ্ছে। স্কয়ার ও আশপশ এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।’ বিক্ষোভকারী আলী কাসেম বলেন, ‘আমরা নিজেদের রক্ষা করার জন্য ওদের (মোবারকের সমর্থক) প্রতি পাথর নিক্ষেপ করেছি। ওরা পেট্রল বোমা নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে।’তাহরির স্কয়ারের পাশে অস্থায়ী ক্লিনিকে আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. আল সামাদি। তিনি বলেন, ‘এখানে আসার পথে সেনাসদস্যরা অস্ত্র আছে সন্দেহে আমাদের শরীর তল্লাশি করে। একপর্যায়ে হামলা চালায়। আমরা জোর করে এখানে এসেছি। মোবারক প্রেসিডেন্ট পদে আরও আট মাস থাকবে—কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না।’সেনাবাহিনীর ভূমিকা: তাহরির স্কয়ারে মোতায়েন বিপুলসংখ্যক সেনা দুই পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করে। বেশ কয়েকটি ট্যাংক নিয়ে তারা স্কয়ারে অবস্থান নেয়। সেনাসদস্যরা দুই পক্ষকেই পিছু হটিয়ে দিয়ে মাঝখানে ফাঁকা জায়গা তৈরি করে সেখানে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মাঝেমধ্যেই তাঁরা ফাঁকা গুলি ছোড়েন। গতকাল সেনাসদস্যরা বেশ কয়েকজনকে আটক করেন বলে জানা গেছে। এর আগে সেনাবাহিনী ঘোষণা দেয়, জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভে তারা হস্তক্ষেপ করবে না। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে সরকার ও জনগণের সম্পত্তি রক্ষার অঙ্গীকার করা হয়।প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ: তাহরির স্কয়ারে সরকার-সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষের ঘটনাকে ‘মারাত্মক বিস্ময়’ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী আহমেদ শফিক। বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শফিক বলেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা চালানোর কোনো অজুহাত মেনে নেওয়া হবে না। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বিক্ষোভ বন্ধ করে ঘরে ফিরে যেতে সরকারবিরোধীদের প্রতি আহ্বান জানান।আলোচনার প্রস্তাবে বিরোধীদের ‘না’: মিসরে সরকারবিরোধীদের জোট ইজিপ্টস ন্যাশনাল কোয়ালিশন ফর চেঞ্জ সরকারের আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছে। জোটের মুখপাত্র আবুল ঘার বলেন, ‘আমরা সুস্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি। প্রেসিডেন্ট মোবারকের পদত্যাগের আগে কোনো আলোচনা নয়।’ সরকারবিরোধী এই জোটে শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সাবেক প্রধান এল বারাদি, মিসরের সবচেয়ে সংগঠিত বিরোধী দল নিষিদ্ধঘোষিত মুসলিম ব্রাদারহুড, কেফায়া মুভমেন্টসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল রয়েছে।গত বুধবার ভাইস প্রেসিডেন্ট ওমর সুলেইমান বর্তমান সংকট মোকাবিলায় আলোচনায় বসতে বিরোধীদের প্রতি আহ্বান জানান।ক্ষমতা হস্তান্তরে যুক্তরাষ্ট্রের আহ্বান: শিগগিরই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করতে প্রেসিডেন্ট মোবারকের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সরকার-সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। মিসরের ভাইস প্রেসিডেন্ট ওমর সুলেইমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন হিলারি। এতে তিনি প্রেসিডেন্ট মোবারককে দ্রুত ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান।ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেন এক যৌথ বিবৃতিতে মিসরে সহিংসতার নিন্দা জানান।সূত্র: বিবিসি, এএফপি, রয়টার্স, আল জাজিরা ও এপি।