রক্তচোষা নয়, নিরীহ গিরগিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওকে প্রথম দেখি ১৯৯৯ সালে কক্সবাজারের ঝিলংজার একটি পাহাড়ে। বিমুগ্ধ হয়েছিলাম ওর সুন্দর কমলা-লাল মাথা দেখে। তখনো নাম জানতাম না। এরপর অনেকবার দেখেছি।২০১১-এর ৩০ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখলাম অন্যভাবে। একটি পিলারের ওপর সে দাঁড়িয়ে ছিল। ছবি তুলতে তুলতে একেবারেই ওর কাছে চলে এলাম। সেদিকে যেন তার ভ্রুক্ষেপ নেই। এরপর হঠাৎ করেই সে ওর ৩২ সেন্টিমিটার লম্বা লেজটি ঘুরিয়ে ওপরের দিকে তোলা শুরু করল। তুলতে তুলতে ঠিক মাথার ওপরে সমান্তরালে নিয়ে রাখল। লেজ এভাবে তুলে চোখ এদিক-ওদিক ঘোরাতে লাগল। সঙ্গে একটি করে পা নাড়াতে লাগল। বিমুগ্ধ হয়ে দেখতে লাগলাম। ওর এত কাছাকাছি আমি অথচ পাত্তাই দিচ্ছে না। দিব্যি ব্যায়াম করে যাচ্ছে। অগ্যতা ছবি তোলা শেষে আমিই কেটে পড়লাম। এতক্ষণ যার কথা বললাম সে আর কেউ নয়, ‘রক্তচোষা’ নামেই অতি পরিচিত। আসলে এরা হলো ‘বাগানের গিরগিটি’ (Garden Lizard or Changeable Lizard)। বৈজ্ঞানিক নাম Clotes Versicolor। অতি নিরীহ এক সরীসৃপ।এই বাগানের গিরগিটি বা রক্তচোষা গড়ে ৪৪ সেন্টিমিটার লম্বা হয়। লেজটিই প্রায় ৩২ সেন্টিমিটার। আর দেহ মাত্র ১২ সেন্টিমিটার। দেহের ওপরের অংশ বাদামি থেকে ধূসর। তবে এই রং প্রয়োজনের সময় পরিবর্তন করতে পারে, যেমন—হালকা জলপাই বাদামি, জলপাই-ধূসর বা হলদে। পিঠের ওপর ও পাশে কতগুলো ফোঁটা আর দাগ থাকে। দেহের নিচের অংশ ময়লা-সাদা। পিঠের ওপর শিরদাঁড়া বরাবর রয়েছে কাঁটা বা ডরসাল স্পাইন। প্রাপ্তবয়স্ক পুরুষ গিরগিটির চোখের নিচের আঁশগুলো কালচে। প্রজনন মৌসুমে পুরুষ গিরগিটির সামনের পা দুটোসহ মাথা থেকে বুক পর্যন্ত কমলা-লাল রং ধারণ করে। অনেক সময় দুটো পুরুষ গিরগিটি মারামারি করলেও মুখমণ্ডল ও মাথা টকটকে লাল দেখায়। সদ্য ফোটা ও অল্প বয়স্ক বাচ্চার রং হালকা সোনালি-হলুদ থেকে বাদামি। প্রজনন-পরবর্তী দেহের রং কালচে বা কালচে ধূসর।পুরুষ গিরগিটির এই লাল রঙের কারণে এ দেশে কুসংস্কার প্রচলিত আছে যে, ওরা যখন একদৃষ্টিতে কারও দিকে তাকায়, তখন তার সব রক্ত চুষে নেয়। সে কারণেই লোকমুখে এর নাম রক্তচোষা। আসলে নিরীহ এই সরীসৃপগুলো প্রজনন মৌসুম ছাড়াও শিকারি প্রাণী বা শত্রুর হাত থেকে আত্মরক্ষার জন্য দেহের রং পরিবর্তন করে হয় শত্রুকে ভয় দেখায়, না-হয় প্রকৃতির সঙ্গে মিলেমিশে যায়। কিন্তু লোকে এদের রক্তচোষা মনে করে সুযোগ পেলেই মেরে ফেলে।সুন্দর এই সরীসৃপগুলোকে শহর, গ্রাম, বন—সবখানেই দেখা যায়। খোলা মাঠ, ঝোপঝাড়, বনের প্রান্ত, বাগান, পার্ক প্রভৃতি জায়গা বেশি পছন্দ। মূলত কীটপতঙ্গভোজী হলেও ডিম, ছোট ছোট কাঁকড়া ও অন্যান্য ছোট মেরুদণ্ডী প্রাণীতেও এদের অরুচি নেই।এপ্রিল থেকে সেপ্টেম্বর প্রজননকাল। এ সময় পুরুষগুলোর দেহে প্রজননের রং খোলে। লাল-কালো গলা ফুলিয়ে স্ত্রীকে আকর্ষণ করে। প্রজননের পর স্ত্রী নরম মাটিতে কয়েক সেন্টিমিটার লম্বা গর্ত করে ৬-২০টি ডিম পাড়ে। সাদা, লম্বাটে ও নরম খোসার ডিমগুলো ছয়-সাত সপ্তাহে ফোটে। বাচ্চা ৭ দশমিক ৫ সেন্টিমিটার লম্বা হয়। প্রজনন-উপযোগী হতে বছর খানেক সময় লাগে। আমাদের সুন্দর এই গিরগিটিগুলো দিনে দিনে হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। কুসংস্কার এবং প্রতিনিয়ত বন-বাগান ও ঝোপঝাড় ধ্বংস হওয়া মূলত এ জন্য দায়ী।