রক্তপিপাসুদের মানুষ ক্ষমতায় নেবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলন করলে আরও কিছু প্রাণহানি ঘটবে—বিরোধীদলীয় নেত্রীর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘মানুষের রক্ত নেওয়াই তাঁর চরিত্র। তাই তিনি রক্তের কথা বলেন। রক্ত নিয়ে তিনি ক্ষমতায় যাবেন, মসনদে বসবেন।’প্রধানমন্ত্রী বলেন, ‘একটি প্রাণ ঝরুক, কোনো মায়ের কোল খালি হোক, তা আমি চাই না। আমরা শান্তি চাই।’ গতকাল সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।বিরোধী দলের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘রক্তপিপাসুদের জনগণ ক্ষমতায় বসাবে না। কেউ জনগণের জানমালের ক্ষতি করতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর।’ তিনি যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসী ও ওলামা-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এ জনসভার আয়োজন করা হলেও বর্তমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় শক্তি দেখানোই ছিল আওয়ামী লীগের মূল লক্ষ্য। এ জন্য জনসভায় ব্যাপক লোকসমাগম ঘটানো হয়। বেলা তিনটার মধ্যেই জনসভাস্থল পরিপূর্ণ হয়ে যায়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিসংবলিত নানা রঙের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে জনসভায় যোগ দেন।প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ায় বিরোধীদলীয় নেত্রী অস্থির হয়ে গেছেন। তিনি দেশকে ধ্বংস করতে চান। হিন্দুদের বাড়িঘর-মন্দির ভেঙে আবার তাদের সান্ত্বনা দিতে যান। তিনি সর্প হয়ে দংশন করেন, ওঝা হয়ে ঝাড়েন। বিরোধীদলীয় নেত্রী জামায়াতের পক্ষ নিয়ে তরুণ প্রজন্মকে নাস্তিক বললেন। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কীভাবে নাস্তিক বলেন?’বিরোধীদলীয় নেত্রীর প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘কে কতটুকু ধর্মকর্ম পালন করে, তা কমবেশি মানুষ জানে। জেলখানায় তো পাশাপাশি ছিলাম। পাশাপাশি থাকলে কমবেশি খবরাখবর পাওয়া যায়।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া চান না, ছেলেমেয়েরা লেখাপড়া করুক। তাই তিনি হরতাল দিয়ে এসএসসি পরীক্ষা বাধাগ্রস্ত করেছেন। তিনি কীভাবে বলেন, আরও প্রাণহানি ঘটবে! অবাক হই, তিনি দুইবার প্রধানমন্ত্রী ছিলেন, এখন বিরোধীদলীয় নেত্রী। তাঁর মুখ থেকে এ ধরনের কথা আসে কীভাবে?’শেখ হাসিনা বলেন, ‘যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য তিনি মানুষের জীবন নেবেন। জীবন তো অনেক নিয়েছেন। ২১ আগস্ট রাষ্ট্রপতির স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনকে হত্যা করেছেন। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া, সাংসদ আহসানউল্লাহ মাস্টারকে হত্যা করেছেন। অপারেশন ক্লিন হার্টে মানুষ হত্যা করেছেন। কানসাটে বিদ্যুতের দাবি করায় তিনি গুলি করে মানুষ মেরেছেন। এবার সেখানে বিদ্যুৎ উপকেন্দ্র ধ্বংস করেছেন। উনার রক্তপিপাসা এখনো মেটেনি। তাঁর স্বামীও রক্ত নিয়েছেন। সামরিক বাহিনীর হাজার হাজার অফিসার ও সৈনিককে তিনি হত্যা করেছেন।’শেখ হাসিনা বলেন, ‘জামায়াতের কাজ কী, তা সবাই জানে। মসজিদের ভেতর আগুন দেওয়া, ইমাম সাহেবকে নামাজ পড়তে বাধা দেওয়া, সালাম ফেরানোর আগেই মসজিদে গন্ডগোল করা—এই হচ্ছে তাদের ধর্মকর্ম।’ ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিয়ে মানুষকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তদন্ত কমিটি করা হয়েছে। শিশুদের যাতে ক্ষতি না হয়, সে জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হবে। বিভ্রান্তিতে কান দেবেন না।তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগ যখন সোহরাওয়ার্দী উদ্যানে আসে, তখন বিজয় না নিয়ে ঘরে ফেরে না। একাত্তরেও তাই হয়েছিল। এবারও মানবতাবিরোধী অপরাধীদের বিচার হবেই।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘আপনি তরুণ প্রজন্মকে বলেছেন নষ্ট। কিন্তু আমি বলছি, নষ্ট আপনার ছেলেরা। ওই সব নষ্ট ছেলেদের শেখ হাসিনার নেতৃত্বে মোকাবিলা করা হবে।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, খালেদা জিয়া সাম্প্রদায়িক সম্প্রীতির দেশকে অশান্ত করতে সারা দেশে তাণ্ডবলীলা চালিয়ে যাচ্ছেন।হাছান মাহমুদ ও অসীম কুমার উকিলের পরিচালনায় জনসভায় আরও বক্তব্য দেন সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, মোহাম্মদ নাসিম, আব্দুল লতিফ সিদ্দিকী, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী, ফজলে নূর তাপস প্রমুখ।