রক্তাক্ত জনপদের নাম পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের স্বর্গ বলে মনে করে যুক্তরাষ্ট্র। তবে এ অভিযোগের ব্যাপারে ঘোর আপত্তি আছে পাকিস্তানের। ইসলামাবাদ এ অভিযোগ যতই অস্বীকার করুক না কেন, সন্ত্রাসবাদের পরিসংখ্যান ভিন্ন কথাই বলে। সন্ত্রাসবাদের কারণে দিন দিন পাকিস্তান এক রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে।যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ম্যাপলক্রফটের ২০১১ সালের সন্ত্রাসবাদের ঝুঁকির সূচকে ১৯৮টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ছিল দ্বিতীয়। এ তালিকায় সবার ওপরে ছিল আফ্রিকার দেশ সোমালিয়া।সাউথ এশিয়ান টেরোরিজম পোর্টালের (এসএটিপি) তথ্য অনুযায়ী, সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট কারণে ২০১১ সালে পাকিস্তানে মোট ছয় হাজার ১৪২ জন নিহত হয়েছে। এর মধ্যে দুই হাজার ৭৯৭ জন জঙ্গি, দুই হাজার ৫৮০ জন বেসামরিক নাগরিক আর নিরাপত্তা বাহিনীর সদস্য ৭৬৫ জন।এসএটিপির তথ্যমতে, সন্ত্রাসবাদী তত্পরতায় ২০১০ সালে পাকিস্তানে মোট সাত হাজার ৪৩৫ ব্যক্তি নিহত হয়। এর মধ্যে পাঁচ হাজার ১৭০ জন জঙ্গি, এক হাজার ৭৯৬ জন বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য৪৬৯ জন।এ তথ্য অনুযায়ী, ২০১০ সালের তুলনায় ২০১১ সালে পাকিস্তানে বেসামরিক লোকের প্রাণহানির সংখ্যা ৪৩ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে।পাকিস্তান সরকারের হিসাব অনুযায়ী, ২০১১ সালে দেশটিতে ৪৭৬টি বড় ধরনের জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে চার হাজার ৪৪৭ মানুষ নিহত হয়।আর ২০১০ সালে এ ধরনের ৬৬২টি হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয় ছয় হাজার ৮৮ জন।আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর ২০১১ সালের ১৩ মে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া জেলার চারসাদ্দায় একটি বড় জঙ্গি হামলার ঘটনা ঘটে। আত্মঘাতী জোড়া বোমা হামলায় ওই দিন সামরিক-বেসামরিক মিলিয়ে ৯০ জন নিহত হয়। এ হামলার পর তেহরিক-ই-তালেবানের (টিটিপি) মুখপাত্র এহসানুল্লাহ এহসান ঘোষণা করেন, ‘এটা লাদেন হত্যার প্রথম প্রতিশোধ। সামনে আরও বড় ধরনের হামলা অপেক্ষা করছে।’এখন পাকিস্তানে নিয়মিতভাবেই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। প্রাণ হারাচ্ছে অসংখ্য বেসামরিক মানুষ। আহত, অপহরণ ও হুমকির ঘটনা তো আছেই। পাকিস্তানের সাধারণ নাগরিক তো বটেই, বিদেশিদের কাছেও পাকিস্তান এখন এক আতঙ্কের নাম।