রক্তাক্ত মার্চে সিরিয়ায় পশ্চিমাদের পেশি প্রদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মার্চে সিরিয়ার গৃহযুদ্ধে ছয় হাজারেরও বেশি মানুষ মারা গেছে। বিবিসি বলছে, বছর দুয়েক আগে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর গত মার্চেই সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এ সময় পশ্চিমা দেশগুলো সিরিয়ার সরকারবিরোধীদের প্রতি সাহায্যের হাত যেভাবে বাড়িয়েছে, তাতে সামনের দিনে এ মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হতে পারে।যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটোরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) নামের একটি সংস্থা দাবি করছে, গত মাসে তারা ছয় হাজার পাঁচ জনের মৃত্যুর ঘটনা নথিবদ্ধ করেছে। সংস্থাটি বলছে, মৃতদের মধ্যে ২৯১ জন নারী, ২৯৮ জন শিশু, এক হাজার ৪৮৬ জন বিদ্রোহী, এক হাজার ৪৬৪ জন সরকার সমর্থক সেনা এবং বাকিরা বেসামরিক জনতা।এসওএইচআর একটি সিরীয় সরকারবিরোধী প্রতিষ্ঠান। এটির কার্যালয় যুক্তরাজ্যে হলেও সিরিয়ায় এর অনেকগুলো ঠিকাদার আছে। এসব ঠিকাদারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। প্রতিষ্ঠানটি বলছে, তাদের হিসাবে এখন পর্যন্ত গৃহযুদ্ধে মৃতের সংখ্যা ৬২ হাজার ৫৫৪ জন। তবে নিখুঁতভাবে হিসাব করলে তা এ সংখ্যাকে ছাড়িয়ে যেতে পারে।এসওএইআরের প্রধান রামি আবদেলরহমান রয়টার্সকে বলেন, ‘সত্যিকার অর্থে আমাদের কাছে প্রায় এক লাখ ২০ হাজার মানুষের মৃত্যুর খবর আছে। অনেক মৃত্যুর ঘটনার সত্যাসত্য যাচাই করা সম্ভব হয়নি বলে আমরা সেগুলোকে গণনায় ধরিনি।’জাতিসংঘ বলছে, সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।পশ্চিমা পেশি প্রদর্শনসিরিয়ার সরকার যুদ্ধ শুরুর পর অধিকাংশ বিদেশি গণমাধ্যম ও স্বাধীন মানবাধিকার সংস্থাগুলোর কাজ বন্ধ করে দিয়েছে। এর ফলে মৃত্যু ও ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব পাওয়াও বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। দুই বছর আগে যখন বিদ্রোহ শুরু হয়, তখন থেকে আসাদের নেতৃত্বাধীন সরকার বলে আসছে, বিদ্রোহের পেছনে আল-কায়েদার মতো বিদেশি শক্তির হাত আছে। সরকারবিরোধী গণ-আন্দোলন যখন গৃহযুদ্ধের রূপ নেয়, তখন তাতে বিদেশি জঙ্গিদের সংখ্যা ছিল বেশ কম। কিন্তু এরপর অনেক জিহাদি বাইরে থেকে গিয়ে সরকারবিরোধীদের সঙ্গে হাত মেলায়। সিরিয়ার সরকার এখন প্রতিদিনই দাবি করছে যে, সরকারি সেনারা ‘সশস্ত্র সন্ত্রাসী দলগুলোর’ বিরুদ্ধে লড়ছে।বিবিসি বলছে, যত দিন গড়াচ্ছে, ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র তত বেশি যুদ্ধে জড়িয়ে পড়ছে। এ দেশগুলো বিদ্রোহীদের অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে। যুক্তরাজ্য সরকার বলছে, তারা হিসাব করে দেখেছে, সিরিয়ার সরকারের ঘনিষ্ঠ মিত্র ইরান ও রাশিয়া গত বছর দেশটিকে যে পরিমাণে সামরিক ও আর্থিক সহায়তা দিয়েছিল, এ বছর দেশ দুটি তা কয়েকগুণ বাড়িয়েছে।বিবিসি জানায়, ফ্রান্স ও যুক্তরাজ্যের ধারণা, আসাদের সমর্থকেরা কেবল সামরিক হামলার মুখে নিজেদের মাথা নোয়াতে বাধ্য হচ্ছে। আর তাই সিরিয়ায় অস্ত্র সরবরাহের ওপরে জারি করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য এ দেশ দুটি ইউরোপীয় ইউনিয়নকে লাগাতার চাপ দিয়ে যাচ্ছে। সরকারবিরোধীদের সামরিক ও বেসামরিক সহায়তা দিয়ে পশ্চিমা দেশগুলো সিরিয়ায় একটু সুবিধা করতে পারছে। তাই তারা কেবল বিদ্রোহী নয়, চাইছে প্রশিক্ষিত যোদ্ধা, যাঁরা যুদ্ধনীতি ও মানবাধিকারের সূত্র মেনে চলবেন।রাসায়নিক অস্ত্রের ব্যবহারগত ১৯ মার্চ সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে বিদ্রোহীরা রাসায়নিক অস্ত্র ছুড়ে কমপক্ষে ২৫ জনকে হত্যা করে। সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান আল জুবি এ হামলার পর বলেছিলেন, বিদ্রোহীদের কাছে প্রতিবেশী দেশগুলোই এমন মারণাস্ত্র সরবরাহ করেছে। তিনি আরও বলেন, ‘হামলায় সন্ত্রাসীরা এমন এক ধরনের অস্ত্র ব্যবহার করল, যার ব্যবহার আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ।’ এ হামলার ঘটনায় রাশিয়া ও ইরান নিন্দা জানালেও যুক্তরাষ্ট্র বলেছে, রাসায়নিক অস্ত্র ব্যবহারের কোনো প্রমাণ নেই। তাই এ বিষয়ে তারা কোনো ব্যবস্থা নিতে পারবে না।