রক্তের তেল-চর্বি নিয়ে কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীরের তেল-চর্বিতে আছে ট্রাইগ্লিসারাইড (টিজি), আছে কোলেস্টেরল। শরীরের মোট কোলেস্টেরলের ৮০ শতাংশই তৈরি হয় লিভারে। বাকি ২০ শতাংশ পাওয়া যায় খাবার থেকে। লাল মাংস, ডিম, দুধ ইত্যাদি তেল-চর্বিজাতীয় প্রাণিজ খাবারে থাকে কোলেস্টেরল। শর্করা থেকেও শরীরে এটি তৈরি হয়। কোলেস্টেরলের আধিক্য শরীরের জন্য ক্ষতিকর। এর আধিক্যের কারণে হতে পারে উচ্চরক্তচাপ, হূদরোগ ও স্ট্রোক।কোলেস্টেরল রক্তে প্রবাহিত হয় প্রোটিনের সঙ্গে সংযুক্ত হয়ে, লাইপোপ্রোটিন নামে। লাইপোপ্রোটিনের নামগুলো হলো হাই ডেনসিটি লাইপোপ্রোটিন বা এইচডিএল এবং লো ডেনসিটি লাইপোপ্রোটিন বা এলডিএল। মোটামুটি এ দুটি নিয়ে টোটাল কোলেস্টেরল বা টিসি। এইচডিএল হলো ভালো, আর এলডিএল হলো মন্দ কোলেস্টেরল। এইচডিএল কোলেস্টেরল রক্তের সব কোলেস্টেরলকে লিভারে নিয়ে যায় প্রসেসিং ও নিষ্কাশনের জন্য। এতে রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমে এবং রক্তনালির দেয়ালে কোলেস্টেরল জমে কম। ফলে রক্তনালি ভালো থাকে। উচ্চরক্তচাপ ও হূদরোগ হওয়ার আশঙ্কা কমে। তাই এইচডিএল হলো ভালো কোলেস্টরল। আর এলডিএল কোলেস্টেরল রক্তনালির দেয়ালে জমা হয়। রক্তনালির দেয়াল ধীরে ধীরে হয়ে ওঠে পুরু ও শক্ত। ফলে দিনে দিনে বাড়তে থাকে রক্তচাপ; পরিণতি উচ্চরক্তচাপ। কমে যায় রক্তের প্রবাহ। আশঙ্কা বাড়ে হূদরোগ ও স্ট্রোকের। তাই এলডিএল হলো মন্দ কোলেস্টেরল।সব ধরনের কোলেস্টেরলের একটা গ্রহণযোগ্য মাত্রা আছে। প্রতি ১০০ মিলিগ্রাম রক্তে বা প্রতি ডেসিলিটার রক্তে এইচডিএল কোলেস্টেরলের মাত্রা ৬০ মিলিগ্রামের বেশি হলে ভালো; রক্তচাপ, হূদরোগ ও স্ট্রোকের আশঙ্কা কম থাকে। মাত্রাটা নারীদের ক্ষেত্রে ৫০ আর পুরুষের ক্ষেত্রে ৪০ মিলিগ্রাম বা ডেসিলিটারের নিচে হলে ভালো নয়; এতে উচ্চরক্তচাপ, হূদরোগ ও স্ট্রোকের আশঙ্কা বাড়ে।এলডিএল কোলেস্টেরলের মাত্রা প্রতি ডেসিলিটার রক্তে ১০০ মিলিগ্রামের নিচে থাকলে তা স্বাভাবিক ও ভালো। বেশি হলেই উচ্চরক্তচাপ, হূদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। ১৯০ মিলিগ্রাম বা ডেসিলিটারের বেশি হলে মাত্রাটা খুবই বেশি।টিসির মাত্রা ২০০ মিলিগ্রাম বা ডেসিলিটারের নিচে থাকা কাম্য। বেশি হলে হূদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বেশি। মাত্রাটা যত বেশি, রোগের ঝুঁকিও তত বেশি। টিজির মাত্রা ১৫০ মিলিগ্রাম বা ডেসিলিটারের নিচে থাকলে তা স্বাভাবিক। বেশি থাকলে হূৎপিণ্ড ও রক্তনালির অসুখের ঝুঁকিও বেশি।রক্তের কোলেস্টেরল বা তেল-চর্বির মাত্রাকে স্বাভাবিক মাত্রায় এবং নিয়ন্ত্রণে রাখতে হবে। রক্তের চর্বির বা কোলেস্টেরলের এই স্ক্রিনিং পরীক্ষাকে বলে লিপিড প্রোফাইল। রক্তের কোলেস্টেরল বা তেল-চর্বির মাত্রাকে নিয়ন্ত্রণে রাখা যায় সহজেই। এ জন্য প্রয়োজন শুধু দৈনন্দিন অভ্যাসে সামান্য কিছু পরিবর্তন। প্রতিদিন ৩০ মিনিট করে সপ্তাহে পাঁচ দিন হাঁটলে কোলেস্টেরল থাকবে স্বাভাবিক মাত্রায়। হাঁটলে ভালো কোলেস্টেরল এইচডিএলের মাত্রা বাড়ে, আর খারাপ কোলেস্টেরল এলডিএলের মাত্রা কমে। তাই হাঁটতে হবে সপ্তাহে অন্তত পাঁচ দিন। একবার সকালে অথবা বিকেলে কিংবা ১০ মিনিট করে সকাল, দুপুর, বিকেল বা রাতে। হাঁটতে হবে একটু দ্রুতগতিতে। মিনিটে ১০০ কদম। খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। খাবারে তেল-চর্বি থাকবে কম। তবে মাছের তেলের ওমেগা-৩ ফ্যাটি এসিড রক্তের এলডিএল কোলেস্টেরল ও টিজির পরিমাণ কমায়। খাদ্যের তালিকায় চিনিও থাকতে হবে কম। কারণ, চিনি থেকে লিভার চর্বি তৈরি করে। রক্তে টিজির পরিমাণ বাড়ে। খাবারে ফলমূল আর শাকসবজি থাকতে হবে বেশি। এগুলোতে আছে খাদ্য-আঁশ। আপেল, শিমের বিচি, বাদাম, খাবারের আঁশ রক্তের খারাপ কোলেস্টেরল কমায়।