রক্ষক যদি হয় ভক্ষক...
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেনের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি জবরদখল করার অভিযোগ উঠেছে। উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর অযোধ্যা দারিক সরদারের ডাঙ্গি গ্রামের চিত্তরঞ্জন সরকার (৫৫) ও রণজিৎ কুমার মণ্ডল (৪৫) গত ২৯ জানুয়ারি চরভদ্রাসন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগপত্রে জানান, আবুল হোসেন প্রায় ২৫ বছর ধরে তাঁদের এক একর ৬২ শতাংশ জমি দখল করে রেখেছেন।এ ব্যাপারে চিত্তরঞ্জন সরকার বলেন, ‘১৯৮১ সালে ফরিদপুর শহরের গুহ লক্ষ্মীপুর এলাকায় আমার পৈতৃক সম্পত্তি বেহাত হয়। ওই জমি উদ্ধারে তদবির বাবদ আবুল হোসেন আমার কাছে ১৩ হাজার টাকা দাবি করেন। তখন নগদ টাকা না থাকায় পরে দেওয়ার শর্তে আবুল হোসেন চুক্তির নিশ্চয়তা হিসেবে একটি সাদা স্ট্যাম্পে আমার সই নেন। পরে আমি টাকা পরিশোধ করলেও স্ট্যাম্পটি ফেরত দেননি। এ নিয়ে সালিসিও হয়েছে। ১৯৮৫ সালে আবুল হোসেন প্রথমবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে ওই স্ট্যাম্প দিয়ে জালিয়াতি করে পাঁচটি দাগে আমার এক একর ৫২ শতক ফসলি জমি দখল করে নেন। আমি এ ব্যাপারে ফরিদপুর জজ আদালতে মামলা করি। নিম্ন আদালতে আমি জিতলেও তিনি হাইকোর্টে আপিল করেন।’রণজিৎ কুমার মণ্ডল বলেন, ‘আমার পৈতৃক সম্পত্তির ১০ শতক জমি আবুল হোসেন জবরদখল করে ভোগ করছেন। তবে আমি মামলা করেনি।’গত ১ ফেব্রুয়ারি সরেজমিন জানা যায়, চিত্ত সরকারের দাদা দারিক সরদার প্রচুর ভূ-সম্পদের অধিকারী ছিলেন। তাঁর নামেই গ্রামের নামকরণ করা হয়েছে ‘দারিক সরদারের ডাঙ্গি’ গ্রাম।চিত্তর বসতভিটার পাশেই আবুল হোসেনের দখল করে রাখা জমিতে চাষাবাদ করেন হবি শেখ (৫০)। হবি শেখ বলেন, ‘আবুল হোসেনের কাছ থেকে বছরে পাঁচ হাজার টাকার বিনিময়ে আমি দুই বছর ধরে জমিটি চাষ করছি।’ এলাকার চর অযোধ্যা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অভিমন্যু মণ্ডল (৮৫) বলেন, ‘চিত্ত সরকারের পরিবার একসময় এলাকায় জমিদার ছিলেন। আমরা ছিলাম তাঁদের প্রজা। এখন তাঁরা পথের ফকির হয়ে গেছে। উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন গাজীরটেক ইউনিয়ন পরিষদের (ইউপি) ফজল চেয়ারম্যানের সহযোগিতায় জাল জালিয়াতি ও হুমকি ধামকি দিয়ে এলাকার অনেক হিন্দু পরিবারের জমি জবরদখল করে নিয়েছে। তাঁদের অত্যাচারে হিন্দু অধ্যুষিত এ অঞ্চলের অনেক হিন্দু এলাকা ত্যাগ করতে বাধ্য হয়েছে।’ দারিক সরদারের ডাঙ্গি গ্রামের তারা মাতুব্বর (৬০) বলেন, ‘চিত্ত সালিসের মাধ্যমে আবুল হোসেনকে ১৩ হাজার টাকা বুঝিয়ে দিলেও তিনি স্ট্যাম্পটি ফেরত দেননি। ওই স্ট্যাম্পের বলেই আবুল হোসেন চিত্তদের জায়গা জাল কইরা লেইখা নেয়।’চর অযোধ্যা গ্রামের ব্যবসায়ী জগদীশ কুমার বিশ্বাস (৫৫) বলেন, ‘এ গ্রামে ১৯৭১ সালের পর সাড়ে ৩০০ হিন্দু পরিবার বাস করত। এখন ১০০ পরিবারও নেই। প্রতিনিয়ত আমাদের ওপর অন্যায়-অত্যাচার চালানো হয়। তাই এলাকার হিন্দু ভারতে চলে যাচ্ছে।’চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাকে হেয় করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষ সংবাদ সম্মেলনের অয়োজন করেছে। আমি ভূমিদস্যু হলে চেয়ারম্যানশিপ ছেড়ে দেব। আমার পরিবারের মোট জমির পরিমাণ ১৩ একর ৩৫ শতক। এর মধ্যে আমার বাবা মরহুম মো. বিশাই রেখে গেছেন সাত একর ৮০ শতক জমি। বাকি পাঁচ একর ৫৫ শতক জমি আমিই কিনেছি।’ গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান বলেন, ‘চিত্তর দাদা প্রভাবশালী লোক ছিল। আবুল হোসেন তাঁদের জমি কিনেছেন। জোর করে কোনো জমি দখল করেননি। তবে হিসাব করলে এক আধ কাঠা জমি বের হতে পারে।’ চরভদ্রাসন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রশিদ বলেন, ‘চিত্ত ও রণজিত্ লিখিত অভিযোগ করলে আমি বিষয়টি তদন্ত করে দেখব। তবে আমি শুনেছি, চর অযোধ্যা এলাকায় অনেক হিন্দু ভারতে চলে যাওয়ায় তাদের সম্পত্তি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ভোগদখল করছে। আমি ওই এলাকার জমির যাবতীয় রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখার জন্য সংশ্লিষ্ট তহশিলদারকে মৌখিক নির্দেশ দিয়েছি।’