রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যাক্ত অবস্থায় নীলফামারীর শিশুপার্কটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্ষণাবেক্ষণ ও বরাদ্দের অভাবে নীলফামারী শহরের শিশুদের সামগ্রিক বিকাশ ও বিনোদনের জন্য একমাত্র পৌর শিশুপার্কটি পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। অল্প কিছুদিন আগে সেখানে দুটি স্লিপার ও দুটি দোলনা থাকলেও সেগুলোর লোহা-লক্কর চুরি হয়ে গেছে। তাই পার্কটি সভা-সমাবেশ ছাড়া শিশুদের কোনো কাজে আসে না। নীলফামারী শহরের এক অভিভাবক রাশেদুল ইসলাম বলেন, পার্কটি শিশুদের জন্য চালু করতে হলে প্রথমে প্রয়োজন নিরাপত্তাপ্রাচীর ও গেট করা এবং একজন সার্বক্ষণিক কেয়ারটেকার নিয়োগ দেওয়া। শিশুদের চিত্তবিনোদনের জন্য দোলনা ও স্লিপারসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রীর দরকার। এখানে একটি মানসম্মত ক্যান্টিনের ব্যবস্থা করা দরকার। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্র মীর আদিব বলেন, ‘আমাদের স্কুল ছাড়া খেলাধুলা করার আর কোনো জায়গা নেই। আগে পার্কের দোলনায় উঠতাম, এখন সেটাও নেই।’ নীলফামারী সরকারি কলেজের সম্মান তৃতীয় বষের্র ছাত্রী রীফাত আরা বলেন, নীলফামারী একটি জেলা শহর হলেও এখানে চিত্তবিনোদনের জন্য কোনো জায়গা নেই। কিছুদিন আগেও পার্কে দুটি দোলনা ছিল, এখন সেখানে কিছুই নেই । শহরের বাবুপাড়ার এক অভিভাবক ও চাকরিজীবী মহসিন রেজা বললেন, শিশুদের সামগ্রিক বিকাশে একটি বিনোদনকেন্দ্র থাকা খুব জরুরি। নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘পার্কটি আধুনিকায়নে দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির করছি কিন্তু প্রয়োজনীয় বরাদ্দের অভাবে তা করা যাচ্ছে না। আমার পরিকল্পনা আছে, এখানে শহীদ মিনারটি বর্তমান স্থান থেকে সরিয়ে পার্কের এক কর্নারে করা। পুকুরটি ভরাটের কাজ শুরু করেছি। বরাদ্দ পেলে অত্যাধুনিক চিত্তবিনোদনের স্থান হিসেবে গড়ে তুলব।’