রক্ষা পেল না সেই টিলাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠ সমান করার নামে সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকার প্রস্তাবিত খেলার মাঠের পাশের সেই একমাত্র টিলাটি এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দিয়েছেন আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজকেরা। গত বছর টিলাটির একাংশ প্রকাশ্যেই কেটে ফেলা হয়েছিল বাণিজ্য মেলার জন্য। প্রথম আলোতে সে সময়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশের পর টিলার কিছু অংশ সেবার রক্ষা পেয়েছিল। পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এস এম ফজলুল করিম চৌধুরী গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, টিলা কাটা পরিবেশ আইনের সম্পূর্ণ লঙ্ঘন। সরেজমিনে পরিদর্শন করে টিলা কাটার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।সিলেট চেম্বার সূত্র জানায়, আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য এর আগে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বেছে নেওয়া হতো। তবে এ ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের বিধিনিষেধ থাকায় গত বছর নগরের শাহি ঈদগাহ এলাকায় প্রস্তাবিত সিলেট সদর উপজেলা স্টেডিয়াম মেলার জন্য বেছে নেওয়া হয়। গত বছরের জুলাই মাসের শুরুতে ওই মাঠ মেলার উপযোগী করতে চেম্বারের ‘কার্য ব্যবস্থাপনা কমিটি-ইভেন্ট’ মাঠের পাশের টিলাটি কাটা শুরু করে। পরে ৫ জুলাই ‘টিলা কেটে মেলা’ শিরোনামে প্রথম আলোতে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে টিলা কাটা বন্ধ হয়। ফলে সে সময় রক্ষা পেয়েছিল টিলার কিছু অংশ।এলাকাবাসী জানান, বিভিন্ন সময় কেটে নেওয়ায় ওই উঁচু টিলাটি অনেকটা ক্ষয়িষ্ণু আকার ধারণ করে। মেলার মাঠ সমান করার নামে গত বৃহস্পতিবার রাতে টিলাটির বেশির ভাগ অংশ কেটে ফেলা হয়েছে। ফলে ২৫-৩০ ফুট উঁচু ওই টিলাটির উচ্চতা এখন মাত্র ১০ ফুটে নেমে এসেছে। গতকাল শুক্রবার টিলা কাটার বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। টিলা কাটার কাজ সরাসরি সিলেট চেম্বারের নেতারা তদারক করছেন বলে এলাকার বাসিন্দাদের বক্তব্য। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন আয়োজক জানান, টিলাটি মাঠের প্রবেশমুখে হওয়ায় সেখানে মেলা চলছে কি না, তা বাইরে থেকে বোঝা যায় না। গত বছর প্রথমবার সেখানে মেলা আয়োজনের সময় এ সমস্যা হয়েছিল। এবার বাইরে থেকে যাতে মেলার অঙ্গন দেখা যায় এবং লোকসমাগম বেশি হয়, সে জন্য টিলা কাটা হয়েছে।বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম বলেন, মেলার আয়োজন করতে এভাবে টিলা কাটা হলে পরিবেশ আইনপ্রয়োগের বিষয়টি হুমকির মুখে পড়ে। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত।তবে সিলেট চেম্বারের সভাপতি ফারুক আহমদ মিসবাহ প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজক চেম্বার হলেও একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মাধ্যমে মেলার আয়োজন করা হয়। নিযুক্ত প্রতিষ্ঠান মেলার আয়োজন করতে গিয়ে টিলা কাটছে কি না—এ বিষয়ে আমি অবহিত নই।’