রক্ষা পেল শিশুটি, মাদকাসক্ত বাবা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের মমতার স্পর্শ থেকে আর বঞ্চিত হতে হবে না পাঁচ মাসের শিশু রাব্বিকে। মাদকাসক্ত বাবার কালো থাবা পড়বে না। প্রশাসন আর পাঠকের ভালোবাসায় রক্ষা পেলে রাব্বি। পুলিশ আজ শনিবার সকালে ভৈরব পৌর শহরের মেঘনা নদীর পার থেকে মাদকাসক্ত বাবা মনির হোসেনকে আটক করে থানায় নিয়ে গেছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অতিরিক্ত পুলিশ সুপারের উপস্থিতিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।সরেজমিনে দেখা যায়, অনেকটা আশ্রয়হীন রাব্বির মা সাবিনা বেগম তাকে কোলে নিয়ে মেঘনা নদীর পারে তাঁর এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। সকালেই এক পাঠক সাবিনা বেগমের হাতে দুই হাজার টাকা তুলে দিয়ে রাব্বিকে যেন অন্যের হাতে তুলে না দেয়, সেই অনুরোধ করে গেছেন। এই প্রতিবেদকের মাধ্যমে দেশ ও বিদেশ থেকে অসংখ্য পাঠক ফোন করে শিশুটির সর্বশেষ অবস্থা জানতে চেয়েছেন। তাঁদের অনেকে পরিবারটিকে রক্ষায় আর্থিক সহযোগিতার ইচ্ছার কথা জানিয়েছেন।ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির প্রথম আলো ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য মনির হোসেন থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। শিশুসন্তানকে কারও কাছে তুলে দিতে হবে না জেনে সাবিনা বেগম বলেন, ‘আমি আমার সন্তানদের সারা জীবন আমার কাছেই রাখতে চাই।’আজ সকালে কথা হয় মনির হোসেনের বড় বোন আসমা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘মনিরের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ। নেশার জন্য ঘরের সব কিছু বিক্রি করছে। দুধ ফেলে দিয়ে সন্তানের দুধের পাত্রও বিক্রি করে দিয়েছে।’থানায় আটক মনির হোসেন নেশার টাকার জন্য সন্তান বিক্রির কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, দোকানে ৫০০ টাকা ভাঙতি আনতে দেখে অনেকে মনে করেছে এই টাকা সন্তান বিক্রি করে এনেছি।