রক্ষাগোলার সাংস্কৃতিক প্রতিযোগিতা
শতশত মানুষের উপস্থিতিতে উৎসবমুখর রাজশাহীর পরিবেশ গোদাগাড়ী উপজেলার ২১টি আদিবাসী গ্রামের সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ১০ নভেম্বর শেষ হয়েছে। গোদাগাড়ী দেওপাড়া ইউনিয়নের শাহানাপাড়া মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন। সহায়তা করে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও সেন্টার ফর ক্যাপসিটি বিল্ডিং অব ভলান্টারি অর্গানাইজেশন (সিসিবিভিও)।৯ নভেম্বর সকালে দূর-দূরান্তের গ্রাম থেকে আসা সাংস্কৃতিক দলগুলো ঢোল-মাদল বাজাতে শুরু করলে অনুষ্ঠানস্থল সরগরম হয়ে ওঠে। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজসেবা অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মোজাম্মেল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন হাসান মিল্লাত, আনোয়ার হোসেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে নিমঘুটু রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন, ডাইংপাড়া রক্ষাগোলা সমাজ সংগঠন ও পাথরঘাটা রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন।প্রতিযোগিতায় কোনো পুরস্কার না পেলেও অংশ নিতে পেরেই আনন্দে উচ্ছ্বাসিত নিমকুঁড়ি গ্রামের বাঁশিওয়ালা দেবেন মিনজ (৬০) বলেন, ‘হামরা এক সময় না খায়ে থাকতাম। অসুখে-বিসুখে ডাক্তার দেখাতে না পারে ঝাড়-ফুঁক লিতাম। ৎআশ্বিন-কার্তিক মাসে মহাজনের কাছে ধান-চালের জন্য হাত পাততাম। এখুন আর এগলা করতে হয় না। এখুন হামরাঘে ভাতের অভাব নাই। রক্ষাগোলা হামরাঘে ভাতের অভাব থাকে রক্ষা কইরাছে। এখুন হামরাঘে প্যাটে ভাত আছে। তাই গান গাহিতে পারছি, লাচতেও পারছি।’