রগ কাটা অবস্থায় ছাত্রলীগের দুই নেতা-কর্মী উদ্ধার
সিলেট সরকারি কলেজসংলগ্ন এলাকার একটি মেসবাড়ি থেকে আজ সোমবার সন্ধ্যায় হাত ও পায়ের রগ কাটা অবস্থায় ছাত্রলীগের দুজন নেতা-কর্মীকে উদ্ধার করা হয়েছে। তাঁরা হলেন, অসীম কান্তি কর (২৪) ও রাজু আহমেদ (১৮)। অসীম সিলেট সরকারি কলেজের বিএসএস (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র ও জেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য এবং রাজু সরকারি কলেজ ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। ছাত্রশিবিরের কর্মীরা এ কাজ করেছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ।আহত অসীম ও রাজুর বরাত দিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, আজ সন্ধ্যায় সরকারি কলেজসংলগ্ন বালুচর ফোকাস আবাসিক এলাকার একটি মেসে ৮-১০ জন শিবিরকর্মী ধারালো অস্ত্র নিয়ে ঢোকেন। সেখানে তাঁরা ছাত্রলীগের নেতা অসীম কান্তি ও রাজু আহমদকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। খবর পেয়ে সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি দেবাংশু দাসসহ ছাত্রলীগের কর্মীরা সেখানে গিয়ে তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এরপর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দলও সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতিতে তাঁদের উদ্ধার করে রাত আটটায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সিলেট ওসমানী মেডিকেল কলেজের উপপরিচালক ইহতেশামুল হক চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘হাত ও পায়ের রগ কাটায় অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। তাঁদের রাত নয়টার দিকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়েছে।’হাসপাতালে অবস্থানকালে শাহপরান থানার ওসি লিয়াকত আলী প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশের একটি দল হামলাকারীদের গ্রেপ্তার করতে ঘটনাস্থলে অবস্থান করছে। বালুচর এলাকাবাসীও হামলাকারীরা ছাত্রশিবিরের নেতা-কর্মী বলে পুলিশকে জানিয়েছে বলে ওসি জানান।ছাত্রলীগের নেতা দেবাংশু দাস বলেন, উদ্ধারকালে অসীম ও রাজু তাঁদের ওপর এমসি কলেজ ছাত্রশিবিরের সভাপতি এনামুল মনোয়ারের নেতৃত্বে হামলা হয় বলে জানান। অস্ত্রধারী কয়েকজনের মাথায় হেলমেট ছিল।শিবিরের নেতা এনামুল মনোয়ারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর শিবিরের এক নেতা দাবি করেন, এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানোর ঘটনার পর থেকে শিবিরের কোনো নেতা-কর্মী ওই এলাকায় অবস্থান করছেন না। তাই হামলাকারী হিসেবে শিবিরকে জড়ানো ঠিক হবে না।