রগ কাটার মামলায় ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের রগ কাটার মামলায় প্রধান আসামি একই বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র ও ছাত্রলীগের কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম অমিত কুমার বসু। আজ রোববার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার অমিত বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র।বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান প্রথম আলোকে জানান, অমিতের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ও ছাত্রলীগের কর্মী সৌমেন দাশের রগ কেটে দেওয়ার অভিযোগে হাটহাজারী থানায় মামলা আছে। তিনি ওই মামলার প্রধান আসামি।প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে রগ কাটার ঘটনা ঘটে। এ ঘটনায় সৌমেনের বন্ধু শহীদুল ইসলাম বাদী হয়ে অমিতকে প্রধান আসামি করে হাটহাজারী থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন।অমিত বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিএফএসের ছাত্রলীগের কর্মী এবং সৌমেন ভার্সিটি এক্সপ্রেসের ছাত্রলীগের কর্মী। তাঁরা উভয়ই চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছাত্রলীগের কর্মী।