চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পুলিশ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম নুরুজ্জামান। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ভবনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে এক ছাত্রের হাতের রগ কেটে দেওয়ার ঘটনায় মামলার প্রধান আসামি অমিত কুমার বসুকে গত ২৯ মে পুলিশ গ্রেপ্তার করে।বিশ্ববিদ্যালয় প্রক্টর আকতার হোসেন প্রথম আলোকে বলেন, একই অভিযোগে নুরুজ্জামানসহ চারজনকে এক বছরের জন্য বহিষ্কার ও ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল।প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় সড়কে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি)’-এর কর্মীরা ‘ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স)’ নামের আরেকটি পক্ষের কর্মী ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সৌমেন দাশের ওপর হামলা চালান। এ সময় তাঁরা সৌমেনের হাতের রগ কেটে দেন এবং কুপিয়ে জখম করেন।পুলিশ সূত্র জানায়, এ হামলার ঘটনায় সৌমেনের বন্ধু শহীদুল ইসলাম হাটহাজারী থানায় ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন।বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের হাতের রগ কেটে দেওয়ার মামলায় নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।