রঙিন মাছের রাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাকুরিয়ামে রঙিন মাছ পোষা কেবল শখ নয়, তা ঘর কিংবা রেস্তোরাঁর শোভাও বাড়িয়ে দেয়। অ্যাকুরিয়ামের রঙিন মাছ শিশুদের বেশ আনন্দ দেয়। নগরে অ্যাকুরিয়ামে মাছ পোষার আদ্যোপান্ত জানাচ্ছেন গাজী মুনছুর আজিজঅন্দরের শোভাপুরান ঢাকার লালবাগের পুষ্পবাজ সাহা লেনের ২০ নম্বর বাড়ি। বাড়ির বৈঠকখানার একপাশে টেলিভিশন সেট। যে আসবাবের ওপর সেটটি রাখা হয়েছে তার নকশা নজর কাড়ে সবার। তাতে আবার জুড়ে দেওয়া হয়েছে ছোট্ট দুটি অ্যাকুরিয়াম। তাতে খেলা করছে বর্ণিল সব মাছ। গৃহকর্ত্রী তাহেরা আহমেদ অ্যাকুরিয়ামগুলো সাজিয়েছেন। এগুলোর দেখাশোনাও তিনি করেন। তিনি জানান, ঘরের সৌন্দর্য বাড়াতে অ্যাকুরিয়ামের জুড়ি নেই। তাঁর বাবা আবু জাফর জিয়াউল হক ঢাকায় প্রথম অ্যাকুরিয়ামের ব্যবসা শুরু করেন বলে তিনি দাবি করেন। ঢাকার নিউমার্কেটে তাঁদের দোকানের নাম ছিল মারিয়া অ্যাকুরিয়াম।অন্যদিকে মতিঝিলের জিমিস চাইনিজ রেস্টুরেন্টে ঢুকতেই চোখে পড়ে বেশ লম্বা একটি অ্যাকুরিয়াম। নানা রঙের মাছ তাতে খেলা করছে। রেস্তোরাঁটির কর্ণধার দেলোয়ার হোসেন জানান, রেস্তোরাঁ সাজাতে অ্যাকুরিয়াম রেখেছি। এ ছাড়া যাঁরা খেতে আসেন, তাঁদেরও অ্যাকুরিয়াম দেখে ভালো লাগে। বিশেষ করে শিশুরা অ্যাকুরিয়াম দেখে বেশ মজা পায়। এ রকম আরও অনেক বাড়ি বা রেস্তোরাঁয় দেখা যায় রঙিন মাছের সমারোহ। যেখানে মেলেকাঁটাবনে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট অ্যাকুরিয়ামের জন্য বিশেষভাবে পরিচিত। অ্যাকুরিয়ামে মাছ পুষতে যা যা দরকার তার সবই পাওয়া যায় এখানে। এর মধ্যে আছে অ্যাকুরিয়াম বক্স, মাছ, খাবার, ওষুধ প্রভৃতি। ঢাকার নিউমার্কেট, বনানীসহ বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে কিছু অ্যাকুরিয়াম-সামগ্রীর দোকান আছে।কাঁটাবন মার্কেটের অ্যাকুরিয়াম-সামগ্রীর দোকান লাভ অ্যান্ড হবির কর্ণধার আবদুল হামিদ বকুল বলেন, ‘অ্যাকুরিয়ামের যে মাছ এখন আমাদের দেশে পাওয়া যায়, একটা সময় তার প্রায় সবই থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না, ভারতসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হতো। কিন্তু এখন প্রায় ৯০ শতাংশ মাছই আমাদের দেশের বরিশাল, নোয়াখালীসহ বিভিন্ন স্থানে চাষ হচ্ছে এবং সেসব মাছই এখন বাংলাদেশের বিভিন্ন অ্যাকুরিয়ামের বাজারে বিক্রি হচ্ছে। তাই কেবল শখ কিংবা সৌন্দর্যবর্ধন নয়, চাইলে অ্যাকুরিয়াম মাছের চাষ ও ব্যবসা করে যেমন সাবলম্বী হওয়া যাবে, তেমনি বিদেশে রঙিন মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও আয় করা যাবে।’অ্যাকুরিয়ামে পোষার জন্য কাঁটাবনে যেসব মাছ পাওয়া যায় তার মধ্যে রয়েছে সিলভার শার্ক, এলবিনো শার্ক, টাইগার শার্ক, রেইনবো শার্ক, টাইগার বার্ব, রোজি বার্ব, গোল্ড ফিশ, অ্যাঞ্জেল ফিশ, ক্যাট ফিশ, সাকিং ক্যাট, কমেট, মলি, ফলি, গপ্পি, ব্লু-গোরামি, সিলভার ডলার, অস্কার, ব্লু-আকারা, টেলিচো, কৈ কার্প, টাইগার কৈ কার্প, ব্ল্যাক মুর, সোটটেল, প্লাটি, এরোনা, ফ্লাওয়ার হর্ন, হাইফিন নোজ, ব্ল্যাক গোস্ট, সিসকাসসহ বিভিন্ন প্রজাতি। এসব মাছ প্রতিজোড়া ৫০ থেকে ৭০০ টাকায় কেনা যাবে। আবার কিছু মাছের দাম বেশিও হয়। তবে দাম অনেকটা নির্ভর করে ছোট-বড় ও প্রজাতির ওপর। কাঁটাবনের ব্যবসায়ীরা জানান, মাছের খাবার সাধারণত দুই ধরনের হয়। শুকনো খাবার ও পোকামাকড়। প্রতি ১০০ গ্রাম খাবারের দাম ২৫ থেকে ৫০ টাকা। অ্যাকুরিয়ামে মাছের অসুখ-বিসুখ হলে তার ওষুধও কাঁটাবন থেকে কেনা যাবে। অবশ্য মাছের অসুখের জন্য তেমন পেশাদার চিকিৎসক নেই বলে ব্যবসায়ীরা জানান।অ্যাকুরিয়াম বক্স নিজের পছন্দমতো বানিয়েও নেওয়া যায়। এ ছাড়া বাজারে ছোট-বড় বিভিন্ন মাপের অ্যাকুরিয়াম বক্স কিনতে পাওয়া যায়। দুই থেকে সাড়ে তিন ফুট আকারের অ্যাকুরিয়াম বক্সের দাম এক হাজার ২০০ থেকে চার হাজার ৫০০ টাকা। এ ছাড়া ছোট কাচের পাত্রেও রঙিন মাছ পোষা যায়। এসব পাত্রের দাম ১০০ থেকে ২০০ টাকা। অ্যাকুরিয়ামে মাছ রাখতে হলে এয়ার পাম্প, ছোট নেট, পাথরের টুকরাসহ বিভিন্ন সরঞ্জাম লাগে।অ্যাকুরিয়ামে মাছ পুষতে হলে কিছু নিয়ম মানতে হবে। যেমন, মাছের খাবার নিয়মিত দিতে হবে। সপ্তাহে একদিন অ্যাকুরিয়ামের পানি পাল্টাতে হবে। প্রাণী জাদুঘরে অ্যাকুরিয়ামমিরপুরে ঢাকা চিড়িয়াখানায় রয়েছে প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকুরিয়াম। চিড়িয়াখানায় গেলে যে কেউ ঢুঁ মারতে পারেন সেখানে। প্রাণী জাদুঘরের গ্যালারি দুটি। একটিতে রয়েছে বিভিন্ন প্রাণীর নমুনা, অন্যটিতে দেখা যায় অ্যাকুরিয়ামে নানা রঙের মাছ। এসব মাছের মধ্যে আছে সিলভার শার্ক, এলবিনো শার্ক, টাইগার শার্ক, রেইনবো শার্ক, টাইগার বার্ব, রোজি বার্ব, গোল্ড ফিশ, অ্যাঞ্জেল ফিশ, ক্যাট ফিশ, সাকিং ক্যাট, কমেট, মলি, ফলি, গপ্পি, ব্লু-গোরামি, সিলভার ডলার, অস্কার, ব্লু-আকারা, টেলিচো, কৈ কার্প, টাইগার কৈ কার্প, ব্ল্যাক মুর, এরোনা, ফ্লাওয়ার হর্ন, উইডো টেট্রা, কচ্ছপ, কিসিং গোরামি, ব্ল্যাক গোস্টসহ বিভিন্ন প্রজাতির মাছ। প্রাণী জাদুঘরের প্রবেশমূল্য জনপ্রতি দুই টাকা। প্রতিদিন খোলা থাকে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। বন্ধ থাকে রোববার।