রঙিলা নায়ের মাঝি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানটি সর্বাধিক গেয়ে থাকি, দেশ-বিদেশে যেখানেই সুযোগ পাই। আজ এসেছি নৌকার গলুইয়ে, মাঝি তখন ঘুমিয়ে; যখন অম্বিকাপুরে পৌঁছালাম, কলাগাছের ফাঁকে সূর্য ঝিকমিক করছে। কলাবনের বাউরি বাতাসে সবুজ পাতার আন্দোলন আমার চোখের বিস্ময়। অম্বিকাপুর ফরিদপুর শহর থেকে আড়াই মাইল পশ্চিমে। বাড়ির ঠিক সামনে দিয়ে বয়ে চলেছে সাপের মতো একটি নদী। এটি পদ্মা নদীরই একটি শাখা, নাম জানি না। রঙিলা নায়ের মাঝি, সোজন বাদিয়ার ঘাট, নকশী কাঁথার মাঠ, বালুচর, ধানক্ষেত, রাখালী, মাটির কান্না, হাসু, বেদের মেয়েসহ সব বইয়ের অববাহিকা এই গ্রাম। পিতা আব্বাসউদ্দীনের সব ভাওয়াইয়া গানের অববাহিকা যেমন কালজানি নদী, আমাদেরও সব গানের মূল কালজানি। জসীমউদ্দীনকে খুঁজতে হলে এখানেই আসতে হবে।নদীপারের বাড়িগুলো যেন কোনো শিল্পী এঁকে দিয়েছেন। এত সুন্দর গ্রাম হতে পারে! কবরের নিস্তব্ধতায় ঘুমিয়ে পল্লি বাংলার দুলাল জসীমউদ্দীন। কবরটি ঘেরা ডালিমগাছের বিস্তার দিয়ে। মোনাজাত শেষ করতে কবি বললেন, ‘এখানে তো কেউ নেই তোমাকে চিনবে। নিজের মতো গ্রামটি ঘুরে দেখ, নদীতীরে খুঁজে নিয়ো নকশী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট।’পিতৃব্যের মতো জসীমউদ্দীন। ফরিদপুরের এই গ্রামে শুয়ে আছেন পারিবারিক গোরস্থানে। সামনে মরা নদী, তাতে ছোট ব্রিজ। আমার সঙ্গে এসেছেন টেলিভিশনের সাত-আটজনসহ এক ডজন শিল্পী। বিটিভির ভরা নদীর বাঁকে অনুষ্ঠানে এ গ্রামের কবি জসীমউদ্দীনকে উপস্থাপিত করব আজ। প্রডিউসার মুসা আহমেদ বললেন, এত সুন্দর গ্রাম কোথাও দেখেছেন? আমার মাকে নিয়ে (নূরুন্নাহার) প্রথমে এই গ্রামে এসেছিলাম, যখন আমি ছোট্টটি। কবি আমাকে কোলে তুলে নিয়েছিলেন আর খাইয়েছিলেন নারকেলের নাড়ু, মুড়ি, আরও কত কিছু। বন্ধু মুসাও আজ নেই।জাগ্রত হলো কবির কোলে চড়ার স্মৃতি। কলকাতার চিত্তরঞ্জন এভিনিউয়ের একটি মাঠে, নেতাজি সুভাষ চন্দ্র বসুর নানা চিত্রসংবলিত বিরাট মেলা বসেছে, আমার পিতা আমাকে নিয়ে এসেছেন। বয়স আট। বন্ধুপুত্রকে অনায়াসেই কোলে তুলে নিলেন। কবির বিয়ে হয়নি। হাসু-বাসুর জন্ম হয়নি তখনো।নকশী কাঁথার মাঠ আইএ ক্লাসে পড়ি। পড়াচ্ছেন মুহাম্মদ মনসুরউদ্দিন। বললেন, এই বইয়ে যে উপমা ব্যবহূত হয়েছে তা বাংলা সাহিত্যে বিরল। নকশী কাঁথার মাঠে ব্যবহূত উপমা: ১. কাঁচা ধানের পাতার মতো। ২. জালি লাউয়ের ডগার মতো। ৩. লাল মোরগের পাখার মতো। ৪. শুকনো চেলা কাঠের মতো। ৫. বোনের মতো। ৬. মনের মতন। ৭. জালি কলার পাতার মতো। ৮. বাহুর পরশের মতো। ৯. রোহিত মাছের মতন। ১০. বাও কুড়ানির মতো। ১১. একটি যুগের মতো। ১২. ভোরের পাখির মতো। ১৩. ডুবুরির মতো।মনসুরউদ্দিন বললেন, সোজন বলে কেউ নেই, এটা হবে সুজন বাদিয়ার ঘাট। লোকসংগীতের শত শত গানে সুজনের দেখা পাই, সোজন নয়। আমি যখন পড়তে যাই, তখন তাঁর লেখায় এই উপমাগুলো পেয়েছি: ১. বউ কথা কও পাখির মতো। ২. বন-সজারুর মতন। ৩. ভেজা বিড়ালের মতন। ৪. আরব দেশের চাঁদের মতো। ৫. চলন্ত-পা গাড়ির মতো। ৬. লুবানেরই ধোঁয়ার মতো। ৭. বেহুঁশ পতঙ্গের মতো।সুন্দর লেখাটি দীনেশচন্দ্র সেনের নকশী কাঁথার মাঠ প্রসঙ্গে ‘পাড়াগাঁয়ের মেয়ের দুটি ডাগর চোখ, পল্লী রাখালের চোখ জুড়ানো কালো রূপ, মুসলমান লেঠেলদের মারামারি—বাঙালির বিবাহ বাসর, গিন্নির ঘরকন্যা, ...বঙ্গ জীবনের অতুলনীয় গ্রাম সম্পদ।’একজন পাঠক হিসেবে, ছাত্র হিসেবে, প্রতি পৃষ্ঠায় আমি থেমে গেছি। এই বর্ণনা অন্য কারও কাব্যে ইতিপূর্বে অথবা ইতঃপর পড়িনি, যেমন মেঘদর্শনে উল্লসিত হয়ে মেঘগুলোর নাম ধরে আহ্বানপূর্বক স্তবস্তুতি করা হচ্ছে:‘কালো মেঘা’ নামো নামো, ‘ফুলতোলা মেঘ’ নামো,‘ধুলট মেঘা’, ‘তুলটি মেঘা’, তোমরা সবে নামো! ...‘কাজল মেঘা’ নামো, নামো, চোখে কাজল দিয়াতোমার ভালে টিপ আঁকিব মোদের হলে বিয়া।‘আড়িয়া মেঘা’, ‘হাড়িয়া মেঘা’ ‘কুড়িয়া মেঘার’ নাতি,নাকের নোলক বেচিয়া দিব তোমরা মাথার ছাতি।কৌটা ভরা সিঁদুর দিব ‘সিঁদুর মেঘের’ গায়,আজকে যেন দেয়ার ডাকে মাঠ ডুবিয়া যায়।’জসীমউদ্দীনের সার্থকতা এই গ্রামকে বাংলা সাহিত্যে তুলে আনা। তার গাঁয়ে গেলে দেখা পাওয়া যাবে:১. এই গাঁয়েতে একটি মেয়ে চুলগুলো তার কালো কালো মাঝে সোনার মুখটি হাসে আঁধারেতে চাঁদের আলো২. সরষে বালা নুইয়ে গলা হলদে হাওয়া সুখে মটরবনে ঘোমটা খুলে চুমু দিয়ে যায় মুখে [রাখাল ছেলে: রাখালী]৩. ওপারে গোকুল এপারে মথুরা মাঝে যমুনার জল নীল নয়নেতে তোর ব্যথা বুঝি বয়ে যায় অবিরল [তরুণ কিশোর: রাখালী]৪. পদ্মা নদী কাটাল ভারী, চাক্কুতে যায় কাটা তারির পরে জেলের তরী কাটে উজান ভাটা [জেলে গাঙে মাছ ধরিতে যায়: রাখালী]এ গ্রামে এখনো আছে তরুণেরা, যারা আমার পাশেই এসে সকাল থেকে টেলিভিশনের শুটিং দেখছে। যে মেয়েগুলো মুখে কিছু মাখেনি, ওরাই সেই মেয়েরা, যাদের ‘লাল মোরগের পাখার মতো ওড়ে শাড়ি’। আর ছেলেরা: ‘এই গাঁয়ের এক চাষার ছেলে: লম্বা মাথার চুল—কালো মুখেই কালো ভ্রমর! কিসের রঙিন ফুল?’কয়েকজন মেয়ে আমার কাছে স্কুলের খাতা তুলে ধরল। নতুন শাড়ি পরা শিখেছে। একজন বলল, আপনার অনুষ্ঠানগুলো যখন হয় সাত গ্রামের লোক ভেঙে পড়ে অনুষ্ঠান দেখতে। পল্লিবাংলাকে লোকে দেখছে এখন আপনার চোখে। অনেকগুলো দস্তখত করলাম তাদের স্কুলের খাতায়। তাদের মধ্যে একজনকে প্রশ্ন করলাম, জসীমউদ্দীনের কবিতা পড়েছ?না, পড়িনি। গান শুনেছি। ‘আরে ও রঙিলা নায়ের মাঝি, তুমি এই ঘাটে লাগায়ে রে নাও, নিগুম কথা কইয়া যাও শুনি।’ আপনিই তো গেয়েছেন এ গান।জিজ্ঞেস করলাম: ‘নিগুম’ কথা মানে জানো?মেয়েটি, যার ‘লাল মোরগের পাখার মতো ওড়ে যাহার শাড়ি’, বিন্দুমাত্র লজ্জিত না হয়ে বলল : ভালোবাসা, আর কিছু নয়।ভালোবাসার জন্যই কবির কাছে মানুষ আসে। ভালোবাসাই কবিকে করে মহৎ।আরেক দিনের কথা। বিমর্ষ মুখে বসে আছেন জসীমউদ্দীন। সং পাবলিসিটির গায়কেরা বসে আছেন সামনে। একটার পর একটা গাইছেন নবীপ্রশস্তি অর্থাৎ নাত। লোকে লোকারণ্য। সবাই শুনছে বেদার উদ্দিন আহমেদ, সোহরাব হোসেন, শেখ গোলাম মোস্তফা, নূরুদ্দিন আহমেদ—এঁদের গাওয়া নাত। রচয়িতা: কাজী নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, আজিজুর রহমান, সাঈদ সিদ্দিকী। নবীর জন্মদিনে নাত ছাড়া আর কোনো গান হবে না। কবি বিমর্ষ, কারণ তিনি একটিও গান লেখেননি নবীর প্রশস্তিতে। সেই রাতেই লিখলেন, ‘রসুল নামে কে এল দুনিয়ায়’। পরে যাঁরা শুনলেন আবদুল আলীমের কণ্ঠে, এক গানেই মাত। পরে অসংখ্য মজলিসে সবাই জসীমউদ্দীনের এই গানটি গেয়ে ফিরেছেন। সৈয়দ গোলাম আম্বিয়াকে নিয়ে অনেক অনুষ্ঠান করেছি বিটিভির মিলাদ মাহফিলে। এগুলো শোনেন লাখ লাখ মানুষ, ঈদে মিলাদুন্নবীর রাতে। প্রতিবারই সে এই গানটি গেয়ে শোনায় এবং সবাইকে কাঁদায়। তাকে একবার বললাম, তোমার আর কোনো গান জানা নেই? আম্বিয়া একটু হেসে বললেন: ‘আব্বাসী ভাই, আমার আছে মাত্র এক পিস। এইটি নিয়ে আমি আসর মাত করি।’ক্লাস নাইনে পড়তে সৌভাগ্য অর্জন করি কবির প্রথম জীবনীকার হওয়ার। আব্বাকে জসীমউদ্দীন হেসে বললেন, ‘জানো আব্বাস, তোমার ছেলে আমার জীবনী লিখছে?’ এর আগে তাঁর কাছে দুই পাতা জীবন কাহিনি সংগ্রহ করেছিলাম বৈকি। তাঁকে নিয়ে লেখা প্রবন্ধ সম্ভবত সংবাদ-এ ছাপা হয়। এ নিয়ে দুই বন্ধুতে দারুণ হাসাহাসি। মনে রাখতে হবে, তখনো জসীমউদ্দীন নিয়ে অধ্যাপক সুনীলকুমারের বই অথবা অধ্যাপক আমিনুল ইসলামের বই ছাপা হয়নি।নকশী কাঁথার মাঠ-এর প্রেমিক-প্রেমিকা রুপাই ও সাজু মুসলমান চাষি পরিবারের সন্তান। সোজন বাদিয়ার ঘাটের প্রেমিক সোজন মুসলিম পরিবারের এবং প্রেমিকা দুলি হিন্দু—নিম্ন বর্ণ হিন্দু নমুর মেয়ে। গ্রামবাংলার শিকড়ে এই প্রেম, রাখাল ছেলের বিমুগ্ধ ভালোবাসা। এই গ্রামেই বারবার ফিরে আসতে হয় কবির আহ্বানে সাড়া দিয়ে:তুমি যাবে ভাই—যাবে মোর সাথে? আমাদের ছোট গাঁয়,গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়; মায়া মমতায় জড়াজড়ি করি, মোর দেহখানি রহিয়াছে ভরিমায়ের বুকেতে বোনের আদরে ভায়ের স্নেহের ছায়।