রঙ্গিলা পাখি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাবাজারের মোহাম্মদ আসলামের পেশা মোটরগাড়ির যন্ত্রাংশ বিক্রি করা। আর নেশা হচ্ছে পাখি পালা। তাই দিনভর যন্ত্র নিয়ে থেকেও অবসর বের করে সময় দেন পাখিদের। তাঁর ছয়তলা বাড়ির ছাদে খাঁচার ভেতর রয়েছে হরেক রকম বিদেশি পাখি। এর মধ্যে রয়েছে একাধিক রঙের কাকাতুয়া, বাজরিগার, আফ্রিকান গ্রে, গ্রিন উইং ম্যাকাও, ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও, এমাজান, ক্রিমসন বেলি কনিউল, র‌্যাম্প, লাভ বার্ড, ক্যানারি, ইয়েলো রিং নেক প্রভৃতি। আসলামের কাকাতুয়ার সালাম শুনে আপ্লুত হন আগন্তুকেরা।আসলামের মতো আরও অনেক পাখিপ্রেমী বাড়ির ছাদে, চিলেকোঠায়, বারান্দায়, উঠানে গড়ে তুলেছেন পাখির আবাস। পাখির কিচিরমিচির শুনে ঘুমাতে যান তাঁরা, আবার ঘুম থেকে উঠেও তাঁরা ছোটেন পাখির ঘরে। নিতান্তই শখের বশে অবসরে পাখি নিয়ে মেতে থাকেন তাঁরা। দেশীয় পোষা পাখির তুলনায় তাঁদের ডেরায় বিদেশি পাখিই বেশি।ঢাকায় ভিন দেশি পাখির আগমন খুব বেশি দিন হয়নি। গেল শতকের সত্তরের দশকের শেষার্ধে শহরে বিদেশি পোষা পাখির আগমনের কথা শোনা যায়। যাঁরা তখন বিদেশি পাখি পোষা শুরু করেন, তাঁদেরই একজন পূর্ব নয়াটোলার আবদুল হামিদ বকুল। তাঁর ভাষ্য হচ্ছে, ‘আমি ছোটবেলায় কবুতর পালতাম। সেই থেকে পাখির প্রতি মায়া জন্মে যায়। তাই পাখি নিয়ে দেশি-বিদেশি বই পড়া শুরু করলাম। ছবিটবি দেখে মনে হলো, বিদেশি পোষা পাখি দেখতে সুন্দর। সেগুলো আবার খাঁচায় বাচ্চা দেয়। এসব তথ্য জেনে ১৯৭৫ সালে নিউমার্কেট থেকে একটি বাজরিগার কিনে আনি। একসময় আরও অনেক পাখি সংগ্রহ করলাম। এগুলো ডিম দেয়, বাচ্চা দেয়—এভাবে পাখির সংখ্যা বেড়ে গেল।’এখন আবদুল হামিদের পূর্ব নয়াটোলার বাড়ির পুরো ছাদজুড়েই পাখির আবাস। তিনি জানান, খাঁচার পোষা পাখি বিদেশি হলেও এগুলোর বেশির ভাগ সংগ্রহ করা হয় ঢাকা থেকে। যাঁরা পাখি পালেন, তাঁরা নিজেদের মধ্যে বিনিময় বা বিক্রি করেন। আশির দশকের গোড়া থেকে এমন শৌখিন মানুষের সংখ্যা বাড়তে থাকে। ‘আমরা একসঙ্গে আড্ডা দিতাম। পাখিবিষয়ক বিদেশি বই পড়ে তা নিয়ে আলোচনা করতাম। এভাবে পাখিপ্রেমীরা সংগঠিত হতে লাগলাম।’ বলছিলেন আবদুল হামিদ।খাঁচায় পাখি পালনকারীরা সাংগঠনিকভাবেই এগিয়ে যেতে থাকেন। তাঁরা বছর দশেক আগে গড়ে তোলেন ‘কেস বার্ডস ব্রিডার্স অ্যাসোসিয়েশন’। এর ধারাবাহিকতায় ছয় বছর আগে জন্ম নেয় ‘বাংলাদেশ এক্সোটিক বার্ড ব্রিডার্স অ্যাসোসিয়শেন’। এর সভাপতির দায়িত্বে আছেন আবদুল হামিদ। তিনি জানালেন, এ পর্যন্ত তাঁরা পাঁচটি মেলার আয়োজন করেছেন। ৯ ও ১০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে হয়ে গেল তাঁদের বিদেশি পোষা পাখি প্রদর্শনী। দুই দিনের সেই মেলায় দর্শনার্থীদের ঢল নেমেছিল। সেখানে রংবেরঙের পাখি দেখে আর কিচিরমিচির শব্দ শুনে সবার আনন্দ ছিল দেখার মতো।মেলায় নিজের পোষা ম্যাকাও হাতে নিয়ে, কাঁধে চড়িয়ে শিশুদের মাতিয়েছেন বাংলাবাজারের আবদুস সালাম। বাংলাদেশ এক্সোটিক বার্ড ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতির দায়িত্বে থাকা এই মানুষটি বলেন, ‘সখ থেকেই পাখির দিকে ঝুঁকে পড়ি। এতে যে কী আনন্দ, তা বলে বোঝানো যাবে না।’পাখি পোষাকে সখ ছাড়াও আরেকটি দিক দিয়ে এগিয়ে রাখতে চান বাংলাদেশ এক্সোটিক বার্ড ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল হামিদ। তিনি বলেন, শখ করে খাঁচায় পাখি পাললেও তা নিয়মিত ডিম দেয় এবং বাচ্চা দেয়। এগুলো বিক্রি করে আয়ও করা যায়। বিদেশি পোষা পাখি উৎপাদনের কাজটি বাণিজ্যিক ভিত্তিতেও করা সম্ভব। এটা করা হলে বিদেশি পোষা পাখি রপ্তানি করা যাবে। কারণ, দুনিয়ায় পোষা পাখির অনেক চাহিদা আছে। এ বিষয়ে সরকারও চিন্তাভাবনা করতে পারে। কারণ, পোষা পাখি রপ্তানি খাত থেকে থাইল্যান্ড বড় অঙ্কের অর্থ আয় করছে। এ দেশে বাজরিগার, লাভ বার্ড, ককাটেল—এই তিনটি পাখি সহজেই বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করা যাবে। শৌখিন ব্যক্তিরা এখন এই তিনটি পাখি বেশি পালেন।শখ করে পাখি পালতে গিয়ে অনেককেই বন্য প্রাণী সংরক্ষণ আইনের তোপে পড়তে হয়। এ নিয়ে তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পোষা প্রাণী আর বন্য প্রাণী গুলিয়ে ফেলায় এই বিপত্তি ঘটে। বন বিভাগের কর্মীদের বোঝা উচিত, প্রচলিত আইনে বন্য প্রাণী পালন করা অপরাধ, কিন্তু পোষা প্রাণী পালা কোনো অপরাধ নয়।কিছু বাধাবিপত্তি থাকলেও নগরে কিন্তু শৌখিন পাখি পোষা মানুষের সংখ্যা বাড়ছে। বছর খানেক পাখি পালছেন কাকরাইলের আলী আজম রহমান। তাঁর বাড়ির প্রাঙ্গণে পা রাখতেই দেখা যায় পাখির আবাস। আবার বাড়ির ছাদে একটি কক্ষের পুরোটাজুড়ে আছে একাধিক খাঁচা। সেখানে কোনো পাখি পাত্র থেকে খাবার খাচ্ছে, কেউ মাটির বাসায় বসে আছে, কেউ বা বসে আছে তারে, কেউ আবার কাঠের বাক্সে ঢুকছে আর বের হচ্ছে। সেখানে পাখির কূজনে নাগরিক জীবনের শব্দদূষণ থেকে খানিকটা মুক্তি মেলে। আসলে চেনা-অচেনা পাখির সান্নিধ্যই বড় পাওনা শৌখিন ব্যক্তিদের কাছে।—এমনটা জানান আলী আজম রহমান।যেখানে মেলে সবযাঁরা পোষা পাখি কিনতে চান, সঙ্গে কিনতে চান পাখির খাঁচা, বাসা, মাটির পাত্র, কাঠের বাক্স থেকে শুরু করে সব রকমের উপকরণ, তাঁদের যেতে হবে কাঁটাবনে পশু-পাখির বাজারে। পোষা পাখি পালার কায়দাকানুন জানা যাবে আর পাখির খাবার, চিকিৎসা বিষয়ে পরামর্শ পাওয়া যাবে বাংলাদেশ এক্সোটিক বার্ড ব্রিডার্স অ্যাসোসিয়েশনে। ফোন: ০১৮১৯৪৮১৯৬৬, ০১৭১১৫৩০৮৩১, ০১৯১২০৮১৬২৮, ০১৭১৫৪২১৪৩৮। ওয়েবসাইট: www.bdexoticbird.com, ই-মেইল: [email protected]