রঞ্জিত ও তাঁর মাদ্রাসার পাশে প্রথম আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর বেরাকুটি বরুয়া দাখিল মাদ্রাসার অবকাঠামো নির্মাণ এবং এই মাদ্রাসার আলোচিত শিক্ষক রঞ্জিত কুমার রায় ও তাঁর পরিবারের বসবাসের জন্য ঘর তৈরির উদ্যোগ নেবে প্রথম আলো। এই শিক্ষক ও তাঁর প্রতিষ্ঠানের উন্নয়নে কিছু করার অনুরোধ জানিয়ে দুই দিন ধরে অসংখ্য পাঠক ফোন করছেন। তাঁরা প্রথম আলোর অনলাইনেও এ ধরনের আবেদন জানিয়ে অসংখ্য মন্তব্য করেছেন। পাঠকদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম আলো শিক্ষক রঞ্জিত ও তাঁর প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।এদিকে নীলফামারী প্রতিনিধি জানান, চট্টগ্রাম থেকে ব্যবসায়ী মোশাররফ হোসেন মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত প্রতি মাসে রঞ্জিতকে তিন হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ বৃহস্পতিবার তিনি রঞ্জিতের ব্যাংক হিসাবে তিন হাজার টাকা পাঠান। চট্টগ্রামের আরেক ব্যবসায়ী ওয়াহিদ আহম্মেদ পাঠান পাঁচ হাজার টাকা। তিনিও মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত শিক্ষককে সাধ্যমতো সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।আজ রঞ্জিত ইসলামী ব্যাংক, নীলফামারী শাখায় এসে এই টাকা তোলেন। টাকাগুলো পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। আজ আরও কয়েকজন পাঠক আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন। সিলেট থেকে একজন মুক্তিযোদ্ধা এককালীন কিছু টাকা দিতে চান রঞ্জিতকে এবং এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত তাঁর মুক্তিযোদ্ধা ভাতার অর্ধেক প্রতি মাসে তাঁকে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ ছাড়া সৌদি আরবের জেদ্দা থেকে একজন, জার্মানি থেকে একজন, সাবেক এক সচিব, চট্টগ্রাম সেনানিবাস থেকে এক ব্যক্তি, ঢাকা থেকে বেশ কয়েকজন ওই মাদ্রাসা ও শিক্ষককে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।‘এক বেলা শিক্ষকতা, অন্য বেলা দিনমজুরি’ শিরোনামে গতকাল বুধবার প্রথম আলোর শেষের পাতায় শিক্ষক রঞ্জিতের জীবনযুদ্ধের কাহিনি ছাপা হয়।