রঞ্জিত ও মাদ্রাসার জন্য অনুদান
নীলফামারীর আলোচিত শিক্ষক রঞ্জিত কুমার রায়ের দুঃখগাথা পড়ে অনেকে তাঁর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁরা প্রথম আলোর উদ্যোগে শামিল হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। ইতিপূর্বে প্রথম আলো রঞ্জিতের জন্য ঘর ও বেরাকুটি বরুয়া দাখিল মাদ্রাসার অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেয়। সেই উদ্যোগে সাড়া দিয়ে এরই মধ্যে ঢাকার দুই ব্যক্তি ১৫ হাজার টাকা অনুদান দিয়েছেন। এর আগে ঢাকার এক ব্যবসায়ী দেন ৫০ হাজার টাকা। তাঁরা নাম-পরিচয় প্রকাশ করতে চাননি। মাদ্রাসার অবকাঠামো নির্মাণে ও শিক্ষক রঞ্জিতের সহায়তায় প্রথম আলোর উদ্যোগে যে কেউ শরিক হতে পারেন। আগ্রহী ব্যক্তিরা প্রথম আলো ট্রাস্টের তহবিলে তাঁদের অনুদান পাঠাতে পারেন। অনুদান পাঠানোর ঠিকানা: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল, হিসাব নম্বর: ২০৭-২০০-১১১৯৪, ঢাকা ব্যাংক, কারওয়ান বাজার শাখা, ঢাকা। ১১ বছর ধরে নীলফামারীর বেরাকুটি বরুয়া দাখিল মাদ্রাসায় বাংলা ও ইংরেজি বিষয়ে শিক্ষকতা করছেন রঞ্জিত। কিন্তু মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকতার পাশাপাশি ইটভাটায় দিনমজুরি করছিলেন তিনি।