রঞ্জিত ও মাদ্রাসার জন্য আরও অনুদান
নীলফামারীর আলোচিত শিক্ষক রঞ্জিত কুমার রায় ও তাঁর মাদ্রাসার জন্য গঠিত তহবিলে সমাজের বিভিন্ন স্তরের মানুষজনের অনুদান দেওয়া অব্যাহত আছে। এ পর্যন্ত তহবিলে ২ লাখ ১০ হাজার টাকা জমা পড়েছে। রঞ্জিতের জন্য ঘর এবং বেরাকুটি বরুয়া দাখিল মাদ্রাসার অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রথম আলো। সেই উদ্যোগে শামিল হতে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। গতকাল মঙ্গলবার এক ব্যক্তি ৩৫ হাজার টাকা এবং অন্য একজন ১০ হাজার টাকা দিয়েছেন। এর আগে গত ২৮ এপ্রিল একজন দেন ১৩ হাজার ৫০০ টাকা, আরেকজন দেন এক হাজার টাকা। ২৪ এপ্রিল এক ব্যক্তি ১৫ এবং অন্য একজন ৫ হাজার টাকা দেন। তার আগে ১৮ এপ্রিল পর্যন্ত ১০ ব্যক্তি মোট এক লাখ ৩১ হাজার টাকা অনুদান দেন। তাঁরা কেউ নাম প্রকাশ করতে চাননি। সব মিলিয়ে তহবিলে বর্তমানে দুই লাখ ১০ হাজার ৫০০ টাকা জমা আছে। প্রথম আলোর এ উদ্যোগে যে কেউ শরিক হতে পারেন। আগ্রহী ব্যক্তিরা প্রথম আলো ট্রাস্টের তহবিলে তাঁদের অনুদান পাঠাতে পারেন। অনুদান পাঠানোর ঠিকানা: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল, হিসাব নম্বর: ২০৭-২০০-১১১৯৪, ঢাকা ব্যাংক, কারওয়ান বাজার শাখা, ঢাকা।১১ বছর ধরে নীলফামারী সদর উপজেলার বেরাকুটি বরুয়া দাখিল মাদ্রাসায় বাংলা ও ইংরেজি বিষয়ে শিক্ষকতা করছেন রঞ্জিত। কিন্তু মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকতার পাশাপাশি ইটভাটায় দিনমজুরি করছিলেন তিনি।