রঞ্জিতারা এভাবেই মার খায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংখ্যালঘুর ওপর সংখ্যাগরিষ্ঠের অত্যাচার আদ্যিকাল থেকেই হয়ে আসছে। আর পিতৃতান্ত্রিক এই সমাজে সেই সংখ্যালঘু যদি নারী হয়, তাহলে তো কথাই নেই। ভারতের আসামের উড়ালগুড়ি জেলার রঞ্জিতা বাসুমাতারি তেমনি একজন নারী। ভিন্ন সম্প্রদায় আর ভিন্ন মতাবলম্বী হওয়ায় ডাইনি উপাধি দিয়ে অসহনীয় নির্যাতন করে তাঁকে গ্রাম ছাড়া করা হয়েছে। গল্পটি এসব অন্ধবিশ্বাস আর কুসংস্কারকে ঘিরেই আবর্তিত।আসামের উত্তর-পূর্বাঞ্চলীয় উড়ালগুড়ি জেলায় পরিবার নিয়ে বাস করতেন রঞ্জিতা। ২০০৭ সালে ডাইনি অপবাদ দিয়ে নিজ গ্রাম থেকে রঞ্জিতা ও তাঁর পরিবারকে তাড়িয়ে দেয় তাঁদেরই প্রতিবেশীরা। একদিন প্রায় ১০০ গ্রামবাসী তাঁর বাড়ি ঘেরাও করে এবং লাঠি দিয়ে বেদম পেটায়। রক্তাক্ত রঞ্জিতার সারা শরীরে তখন আঘাতের চিহ্ন। তার পরও ক্ষান্ত হয় না তারা। ক্রমাগত তাঁকে মৃত্যুর হুমকি দিতে থাকলে একপ্রকার বাধ্য হয়েই রঞ্জিতা তাঁর স্বামী ও তিন সন্তানকে নিয়ে গ্রাম ছেড়ে পালান।আসামের অধিকাংশ মানুষই প্রথাগত হিন্দু আচারে বিশ্বাসী। এদের মধ্যে আবার এক শ্রেণীর তান্ত্রিক আছে, যারা শক্তি নামের এক দেবীর উদ্দেশে জীবজন্তু উত্সর্গ করে। এই রাজ্যের ১২০টি স্বীকৃত উপজাতি ও উপজাতীয় গোষ্ঠীগুলোর মধ্যে এ সর্বপ্রাণবাদ বিশ্বাসটি চরমভাবে গেঁড়ে বসেছিল। এমনকি এই এলাকায় মুসলিম অভিবাসীদের আগমন এবং আমেরিকান মিশনারিদের খ্রিষ্টধর্ম প্রচারও স্থানীয়দের অন্ধবিশ্বাস বা কুসংস্কার দূর করতে পারেনি।আসামের গ্রামীণ এলাকাগুলোতে জাদু আর মন্ত্র-তন্ত্রে দক্ষতার জন্য ওঝাদের দারুণ শ্রদ্ধা-ভক্তি করে স্থানীয় লোকজন। প্রাচীন কল্পকাহিনীতে বিশ্বাসী এসব স্থানীয় লোকজনের বিশ্বাস, একজন ওঝা তাঁর দক্ষতাগুলো পৃথিবীতে এসেই শেখে। কিন্তু ডাকিনীরা খারাপ শক্তি নিয়েই পৃথিবীতে জন্ম নেয়। পিতৃতান্ত্রিক ওই সমাজে একজন নারী ওঝা পাওয়াটাও বেশ দুষ্কর।কিন্তু এই অন্ধবিশ্বাস আর মন্ত্র-তন্ত্রের সঙ্গে রঞ্জিতার সম্পর্ক ছিল অনেক দূরে। রঞ্জিতা ছিল ধর্মপ্রাণ খ্রিষ্টান নারী। প্রতিবেশীদের গৃহপালিত পশু পালন করে বেশ ভালোই সংসার চালাচ্ছিলেন তিনি। গ্রামবাসীদের অনেকেই তাঁর এমন উন্নতিতে ঈর্ষাণ্বিত হয়ে ওঠে। এই ঈর্ষাই কাল হলো তাঁর। শুরু হয় রঞ্জিতার ওপর নির্যাতন। এ নির্যাতন কখনো মানসিক, কখনো শারীরিক। গ্রামে যখন কোনো শিশু অসুস্থ হতো গ্রাম্য ওঝারা তন্ত্র-মন্ত্রের সাহায্যে তাদের চিকিত্সা করত। কিন্তু ওঝাদের ওইসব মন্ত্র-তন্ত্র কাজে না এলে, তখন তারা বলতে থাকে, রঞ্জিতাই শিশুটিকে জাদু করেছে।তবে, কেবল রঞ্জিতাই যে এ ধরনের ঘটনার শিকার, তা নয়। গত বছর এই এলাকায় ডাইনি অপবাদ দিয়ে কমপক্ষে ১৭ জনকে হত্যা করা হয়েছে। আসলে দুর্বলের ওপর সবলের অত্যাচার বলতে যা বোঝায়, রঞ্জিতা তাঁর জীবনে সেই অভিজ্ঞতাটাই পেল। হয়তো সেই কারণেই এখনো রঞ্জিতা ও তাঁর পরিবার তাঁদের পুরোনো সেই গ্রামে ফিরে যাওয়ার ব্যাপারে আতঙ্কবোধ করে।