রঞ্জিতের চাওয়া একটাই, মাদ্রাসাটি ভালো চলুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার নিজের জন্য কিছু চাই না। মাদ্রাসাটার গতি হলে ভালো হয়। এটা হলে আমরা বাঁচব। নয়তো আমাদের ভোগান্তি থেকেই যাবে।’ সংবাদপত্রের পাতায় নিজের জীবনযুদ্ধের খবর পড়ে এভাবেই অনুভূতি প্রকাশ করলেন শিক্ষক রঞ্জিত কুমার রায়।গতকাল সকাল থেকেই দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ফোন করেন অসংখ্য পাঠক। তাঁরা ফোন করেন প্রথম আলোর কার্যালয়ে। কেউ কেউ নম্বর সংগ্রহ করে শিক্ষক রঞ্জিত রায়ের সঙ্গে সরাসরি কথা বলেন। তাঁরা তাঁর পাশে দাঁড়াতে চান, সহায়তা করতে চান। জবাবে শিক্ষক রঞ্জিত বলেন, কোনো চাকরি নয়। তিনি ওই মাদ্রাসাতেই শিক্ষকতা করতে চান। মাদ্রাসার জন্য একটা ঘর চান। আর মাদ্রাসাটি যেন এমপিওভুক্ত হয়—এটাই তাঁর একান্ত চাওয়া।গতকাল প্রথম আলোর শেষের পাতায় ‘এক বেলা শিক্ষকতা, অন্য বেলা দিনমজুরি’ শিরোনামে খবরটি প্রকাশিত হয়।খবরটি পড়ে পাঠকেরা শুধু সহযোগিতার আশ্বাসই দেননি, অনেকেই ওই শিক্ষককে জানিয়েছেন বিনম্র শ্রদ্ধা। প্রথম আলোর অনলাইনে গতকাল বহুল পঠিত ও সর্বাধিক আলোচিত সংবাদের তালিকায় শিক্ষক রঞ্জিতের জীবনযুদ্ধের কাহিনিটি দ্বিতীয় স্থানে ছিল। গতকাল রাত সাড়ে আটটা পর্যন্ত দেশ-বিদেশের ৮০ জন পাঠক খবরটি পড়ে নানা মন্তব্য জানিয়েছেন।প্রবাস থেকে কেউ কেউ সহায়ক তহবিল গঠনের পরামর্শ দিয়েছেন। প্রয়োজনে প্রবাস থেকে তাঁরা সহায়তা করবেন বলে জানান। এক পাঠক লিখেছেন, ‘হাজারো নৈতিক দৈন্যতার মাঝে এ রকম একটি খবরে কিছুটা আশার আলো দেখতে পাই। ...রঞ্জিত কুমার রায়, আপনাকে সশ্রদ্ধ সালাম জানাই।’আরেক পাঠক লিখেছেন, ‘রঞ্জিত রায় আমাদের সবার আদর্শ হওয়া উচিত।’ কেউ কেউ ঘটনাটিকে অমানবিক ও নিষ্ঠুর বলে আখ্যায়িত করেছেন। মানুষ গড়ার কারিগরের প্রতি সমাজের এ কেমন নিষ্ঠুর আচরণ! তবে অধিকাংশ পাঠকই মাদ্রাসাটি শিগগির এমপিওভুক্ত করার দাবি জানান।নীলফামারী সদর উপজেলার বেরাকুটি বরুয়া দাখিল মাদ্রাসায় ১১ বছর ধরে শিক্ষকতা করছেন রঞ্জিত কুমার রায়। কিন্তু মাইনে পান না তিনি। কারণ মাদ্রাসাটি এমপিওভুক্ত হয়নি। তিনি সংসার চালাতে বাধ্য হয়ে দিনমজুরিতে নামেন। কখনো খেত-খামারে কাজ করেন, কখনো ইটভাটায়।মাদ্রাসার সুপার মো. মোস্তফা কামাল বলেন, এই মাদ্রাসায় দুজন শিক্ষক আছেন, যাঁরা হতদরিদ্র। এঁদের একজন রঞ্জিত কুমার রায়, অন্যজন শরীরচর্চা শিক্ষক মোস্তফা কামাল। দিনমজুরি না করলে তাঁদের চলে না। সে কারণে তাঁদের ক্লাসগুলো সুবিধামতো সময়ে দেওয়া হয়েছে।রঞ্জিত রায়ের স্ত্রী শৈব্যা রায় এসএসসি পাস। স্ত্রী সব সময় তাঁকে মনোবল জুগিয়েছেন, কাজে উৎসাহ দিয়েছেন। প্রথম আলোর সঙ্গে আলাপকালে শৈব্যা রায় বলেন, ‘বাবা-মা শিক্ষিত ও চাকুরে ছেলে দেখে বিয়ে দিয়েছিলেন। কিন্তু তার স্কুলের বিল না হওয়ার কারণে কষ্ট করে বাঁচতে হচ্ছে। প্রতিদিনই বলে, আর কষ্ট থাকবে না। কিন্তু ১০ বছর ধরে কষ্টের আর শেষ হয় না।’আমাদের নীলফামারী প্রতিনিধি জানান, শিক্ষক রঞ্জিত রায়কে যাঁরা সাহায্য-সহযোগিতা করতে চেয়েছেন, তাঁদের মধ্যে একজন মুক্তিযোদ্ধাও আছেন (নাম প্রকাশে অনিচ্ছুক)। ঢাকা থেকে ওই মুক্তিযোদ্ধা জানান, তাঁর প্রাপ্ত সরকারি ভাতা (মুক্তিযোদ্ধা ভাতা) থেকে তিনি ওই শিক্ষককে সাহায্য করতে চান। চট্টগ্রাম থেকে এক ব্যবসায়ী ওই শিক্ষককে মাসে তিন হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যত দিন মাদ্রাসাটি এমপিওভুক্ত না হয়, তত দিন এই সহায়তা চালিয়ে যেতে চান তিনি।নিউইয়র্ক থেকে একজন জানান, তাঁর মেয়ের নামে একটি ফাউন্ডেশন আছে। সেখান থেকে তিনি সহায়তা করতে চান। লন্ডন-প্রবাসী এক ব্যক্তিও আর্থিক সাহায্য করতে চেয়েছেন। ঢাকা থেকে এক দোকান কর্মচারী জানিয়েছেন, তাঁর সামর্থ্য নেই। তবু তিনি শিক্ষককে ১০ হাজার টাকা দিয়ে সাহায্য করবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকও সহায়তা করতে চেয়েছেন। এ রকম সহায়তার আশ্বাস দিয়ে আরও অসংখ্য ফোন এসেছে।সাংসদ আসাদুজ্জামান নূর প্রথম আলোকে আবারও বলেন, ওই মাদ্রাসার কিছু অবকাঠামো করা দরকার। তিন-চার মাসের মধ্যে মাদ্রাসাটি যাতে এমপিওভুক্ত হয়, তিনি সেই চেষ্টা করছেন।