রঞ্জু ২৭ বছরের যুবক। তাঁকে কখনো দেখা যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনের রাস্তায়, আবার কখনো শিশু একাডেমীর সামনে। বসে বসে আনমনে কথা বলেন রঞ্জু। আবার একমনে অঙ্ক কষেন। কাগজ রাস্তা থেকেই কুড়িয়ে নেন। পড়ে থাকা পত্রপত্রিকাও পড়েন তিনি। রোদে কিংবা বৃষ্টিতে রাস্তাতেই পড়ে থাকেন। কখনো কখনো তাঁকে কাঁদতে দেখা যায়। অনেক সময় রঞ্জুর পাশে খাবার পড়ে থাকতে দেখা যায়। কিন্তু তিনি তা ফেলে অঙ্ক কষে চলেন।অনেক দিন রঞ্জুর সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে। তাতে কিছু এলোমেলো তথ্য উদ্ধার করা গেছে। রঞ্জুর বাড়ি কুমিল্লা জেলার কোনো এক ক্ষীর নদীর পাড়ে। নদীর পাড়ে একটা মাঠ আছে। এর পশ্চিম দিকে বড় একটি তুলাগাছ। তার পাশে রয়েছে কবরস্থান। ওই মাঠে রঞ্জু ক্রিকেট খেলতেন। রঞ্জুর চাচাতো ভাইদের কেউ ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার। তাঁরা আমেরিকায় থাকেন। রঞ্জুর বাবা চেয়েছিলেন, সে-ও ডাক্তার হবে। তাঁর পড়াশোনা চলছিল সেভাবেই। রঞ্জু বলেন, ইন্টারমিডিয়েট পরীক্ষার আগের রাতে অঙ্ক কষার সময় সবকিছু এলোমেলো হয়ে যায়। তাঁর মনে হতে থাকে, একটি আগুনের গোলা তাঁর দিকে ছুটে আসছে।ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রঞ্জু কীভাবে এলেন, তা বলতে পারেন না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁকে এটা-সেটা খেতে দেন। সেগুলো তাঁর চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকে। বিশ্ববিদ্যালয় এলাকার হকাররা জানান, মাঝেমধ্যে একজন ভদ্রমহিলা গাড়ি নিয়ে রঞ্জুর কাছে আসেন। তিনি লোকজন দিয়ে গাড়িতে উঠিয়ে নেন রঞ্জুকে। ১৫ দিন পর আবার রঞ্জুকে রাস্তায় দেখা যায়। তখন তাঁর মুখ শেভ করা, পরনে পরিচ্ছন্ন কাপড়। আস্তে আস্তে চুল-দাড়ি আর ময়লা কাপড়ে রঞ্জু আবার ঢেকে যান। দিন কয়েক আগে এভাবেই রঞ্জুকে শিশু একাডেমীর সামনের ফুটপাতে দেখা গেল। তখন তুমুল বৃষ্টি শহরে। ফুটপাতে শুয়ে আছেন রঞ্জু। তাঁর শরীর ধুয়ে যাচ্ছে বৃষ্টিতে, মাথার নিচে অঙ্ক কষার কাগজ।